প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সামান্য আহত
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলার সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন।গতকাল মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে গাড়ি ভাঙচুর শুরু হয়। একপর্যায়ে মতিউর রহমানকে বহনকারী গাড়ির কাচ ভেঙে তাঁর হাতে আঘাত লাগে।ঘটনার সময় মতিউর রহমানের সঙ্গে ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। তবে আনিসুজ্জামান অক্ষত আছেন।পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে জানান, জামায়াত-শিবিরের কর্মীরা ওই এলাকায় আকস্মিকভাবে গাড়ি ভাঙচুর শুরু করেন। পুলিশ এতে বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। ঘটনাস্থল থেকে আহত তিনজনসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ আইন সমিতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠন এ ঘটনায় নিন্দা জানায়।