প্রথম আলো সম্পাদকের নামে গ্রেপ্তারি পরোয়ানা
ঝালকাঠিতে করা এক মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও মজিদ খান নামের এক ব্যক্তির প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
গত বছরের ৯ অক্টোবর আইনজীবী বনি আমিন বাকলাই বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর ও ২০১৩ সালের ১১ মার্চ প্রকাশিত দুটি প্রতিবেদনের বিষয় উল্লেখ করে মামলা করা হয়। মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছিলেন।
ফৌজদারি কার্যবিধিতে ঘটনার এক বছরের মধ্যে মামলা করার বিধান রয়েছে। তবে এ মামলায় উল্লিখিত ঘটনার তারিখের এক বছরের মধ্যে মামলাটি করা হয়নি।
বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম জানান, সমন জারির পর তিনটি ধার্য তারিখে বিবাদীরা আদালতে হাজির না হওয়ায় তাঁদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। ঝালকাঠি আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুর রশিদ সিকদার প্রথম আলোকে বলেন, এ মামলায় দণ্ডবিধির ২৯৫ ও ২৯৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। তা জামিনযোগ্য।