প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে এবার মামলা শরীয়তপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং নিজস্ব প্রতিবেদক তানভীর সোহেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার রনখোলা গ্রামের বাসিন্দা মনির হোসেন এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।মনির হোসেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক। মামলটি আমলে নিয়ে বিচারিক হাকিম সাজ্জাদুর রহমান আগামী ১৩ ডিসেম্বর তাঁদের আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।মামলার বিবরণে জানা যায়, গত ২২ অক্টোবর প্রথম আলোর প্রথম পাতায় ‘ফরিদপুরে মন্ত্রী ভাই-ই সব’ শিরোনামে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেনের মান ক্ষুণ্ন হয়। এতে তাঁর পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। মোহতেশাম হোসেন মামলার বাদী মনির হোসেনের শুভাকাঙ্ক্ষী এবং রাজনৈতিক নেতা হওয়ায় এ সংবাদে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বাদীর মান ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাঁর এক কোটি টাকার ক্ষতি হয়েছে। মামলার বাদী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ইকবাল হোসেনের চাচা।শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আমলি আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি নথিভুক্তের জন্য জমা দেওয়া হলে বিচারিক হাকিম সাজ্জাদুর রহমান মামলাটি আমলে নিয়ে প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদককে আদালতে হাজির হওয়ার সমন জারির আদেশ দেন।প্রথম আলোর সম্পাদক ও নিজস্ব প্রতিবেদকের বিরুদ্ধে মামলা দায়ের করায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিন্দা জানিয়েছেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার।খন্দকার মোহতেশাম হোসেনের কর্মকাণ্ড নিয়ে সংবাদ পরিবেশিত হওয়ায় আপনার কি মান ক্ষুণ্ন হয়েছে—জানতে চাইলে মামলার বাদী মনির হোসেন বলেন, ‘খন্দকার মোহতেশাম আওয়ামী লীগের নেতা। আমিও আওয়ামী লীগ করি। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশিত হওয়ায় আমি সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার বাড়ি শরীয়তপুর হওয়ায় আমি শরীয়তপুর আদালতে মামলা দায়ের করেছি।’বাদীর আইনজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারিক হাকিম মামলাটি আমলে নিয়েছেন।