প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক অরূপ রায় ও আবদুল মোমিনের বিরুদ্ধে মানিকগঞ্জে করা একটি মানহানির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।একই সঙ্গে আদালতে বিচারাধীন ওই মামলা অন্য আদালতে বদলির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।গত ২৩ ডিসেম্বর ‘ভুয়া প্রকল্পে ৯৮ টন খাদ্যশস্য আত্মসাৎ’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর গত ৮ জানুয়ারি মানহানির অভিযোগে মানিকগঞ্জের চতুর্থ বিচারিক হাকিমের আদালতে প্রথম আলোর সম্পাদক ও সংশ্লিষ্ট দুই প্রতিবেদকের বিরুদ্ধে মামলাটি করেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ ফটো। এই মামলা অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে বিবাদীপক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। এই আবেদনের ওপর গতকাল শুনানি হয়।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী রমজান আলী শিকদার, নাজিব হুদা ও আফতাব উদ্দিন ছিদ্দিকী।