প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ
চাঁদপুরে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে দায়ের করা পাঁচ কোটি টাকার মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার আমলি আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন।
চাঁদপুর জেলা আইনজীবী সভাপতি সেলিম আকবর বলেন, প্রথম আলোর সম্পাদক ও প্রতিনিধির বিরুদ্ধে মানহানির যে অভিযোগ আনা হয়, পুলিশের প্রতিবেদনে তা সঠিক বলে প্রমাণিত হয়নি। ফলে আদালত মামলাটি খারিজ করে দেন।
আদালত সূত্র জানায়, কচুয়া উপজেলার ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ে চাঁদার দাবিতে যুবলীগের হামলার ঘটনা নিয়ে ২০১৫ সালের ১৭ ও ১৮ আগস্ট ‘চাঁদা না পেয়ে কচুয়ার স্কুলে যুবলীগ কর্মীদের হামলা’ এবং ‘আবার হামলার ভয়ে ক্লাসে যায়নি শিক্ষার্থীরা, গ্রেপ্তার ৮’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদ প্রকাশের প্রায় পাঁচ মাস পর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি চাঁদপুরের বিচারিক হাকিমের আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করা হয়। কচুয়া উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন ওই মামলা করেছিলেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছিলেন। পরে আদালতে চাঁদপুর মডেল থানার পুলিশ প্রতিবেদন দাখিল করে।