প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে সাত মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে এবার প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভর্তুকির টাকায় কলের লাঙলের জন্য নির্বাচিত সাতজন পৃথকভাবে সাতটি মানহানির মামলা করেন।
এসব মামলায় ঝিনাইদহে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান ও স্থানীয় সাংবাদিক সুব্রত সরকারকেও আসামি করা হয়েছে। এর আগে এই দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আদালতে একটি মামলা ও মানহানির অভিযোগ এনে কোটচাঁদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। চাঁদাবাজির মামলাটি নথিভুক্ত করার জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন আদালত।
আদালত সূত্র জানায়, মানহানির সাতটি মামলার মধ্যে দুটি উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, গত ২৭ মে প্রথম আলোয় ‘কলের লাঙলের ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। কৃষি মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে। ওই তদন্তের ভিত্তিতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে সংবাদটি অসত্য বলে দাবি করেন। পরদিন তিনি প্রথম আলোর সঙ্গে তদন্ত কমিটির যোগাযোগ নিয়ে আবার বিবৃতি দেন সংসদে। প্রথম আলো আবার অনুসন্ধান করে প্রাপ্ত তথ্য ২ জুলাই প্রকাশ করে। তাতে দেখা যায়, কলের লাঙল কেনার জন্য নির্বাচিত কয়েকজন ধার করে আনা লাঙল ভর্তুকির টাকায় কেনা বলে তদন্ত কমিটিকে দেখিয়েছেন।
ওই দিনই কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল সংশ্লিষ্ট লোকজনের বাড়িতে যান। কিন্তু তাঁরা জানান, তাঁদের কলের লাঙল মাঠে আছে। ফলে ওই দিন বিকেলের মধ্যে উপজেলা সদরে নিয়ে তাঁর লাঙল দেখিয়ে আনার নির্দেশ দিয়ে ফিরে আসেন তিনি। ইউএনওর দেওয়া তথ্যমতে, ওই দিন বিকেলে তিনজন তাঁকে লাঙল দেখান। পরের দিন দেখান দুজন। লাঙলগুলো তিন মাস আগের কেনা বলা হলেও সেগুলো ছিল ঝকঝকে নতুন। এ বিষয়ে ইউএনওর দাবি ছিল, দুটি লাঙল যান্ত্রিক ত্রুটির কারণে বদল করে নতুন আনা হয়েছে। ৪ জুলাই প্রথম আলো এ বিষয়ে ছবিসহ প্রতিবেদন প্রকাশ করে। এর মধ্যে ৩ জুলাই আগের তদন্ত কমিটি আবারও ঝিনাইদহে যায় এবং অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংসদে আবার ৩০০ বিধিতে বিবৃতি দেন কৃষিমন্ত্রী।
এরপর ৭ জুলাই দ্রুত বিচার ট্রাইব্যুনালে চাঁদাবাজির মামলা করেন কলের লাঙলবিক্রেতা আসাদুল ইসলাম ওরফে লিটু। ১২ জুলাই মানহানির মামলা করেছেন ভর্তুকির লাঙলপ্রাপ্ত কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের ফিরোজ আলম ও ফারুক হোসেন। ১৩ জুলাই মানহানির মামলা করেন মো. আতিয়ার রহমান, মো. আজিজুল হক, মো. তানভির আহম্মদ, সিরাজুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
মামলার কাগজপত্রে দেখা যায়, তিনটি মামলায় দুই কোটি টাকার সম্মানহানির দাবি করা হয়েছে। এর মধ্যে বাদী সিরাজুল ইসলামের এক কোটি টাকার এবং তানভির আহম্মেদ ও সাইফুল ইসলামের ৫০ লাখ টাকার করে সম্মানহানি হয়েছে বলে দাবি করা হয়। অপর চারটি মামলায় ৪০ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়েছে। অবশ্য ৪ জুলাই এঁরাসহ ভর্তুকির লাঙলের জন্য মনোনীত ব্যক্তিদের মধ্যে ১০ জন কোটচাঁদপুর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। সেখানে তাঁদের সবার ২০ লাখ টাকার সম্মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছিল।