প্রথম আলো সরবরাহ করার দাবিতে মানববন্ধন

খুলনায় তিন দিন ধরে প্রথম আলো সরবরাহ বন্ধ রয়েছে। একশ্রেণির হকার তাঁদের অন্যায্য দাবিতে প্রথম আলো সরবরাহ বন্ধ রেখেছেন। এর প্রতিবাদে ও আজ সোমবার থেকে প্রথম আলো পত্রিকা সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে ‘আগুয়ান-৭১’ নামের একটি সংগঠন।
‘আমার প্রাণের প্রথম আলো আমাকে দাও’ শিরোনামে গতকাল রোববার বিকেলে সংগঠনটি খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা ঘোষণা করে অবিলম্বে প্রথম আলো সরবরাহের জন্য হকারদের অনুরোধ করেন।
আগুয়ান-৭১-এর সদস্য আবিদ শান্ত মানববন্ধনে বলেন, ‘আমরা সাধারণ জনতা, বস্তুনিষ্ঠ সংবাদের জন্যই আমরা প্রথম আলোকে ভালোবাসি। প্রথম আলোর সংবাদ আমাদের মনের খোরাক জোগায়। কিন্তু আমাদের প্রাণের এ পত্রিকাটি আমরা গত তিন দিন থেকে পাচ্ছি না। আমরা চাই অবিলম্বে খুলনার প্রতিটি মানুষের কাছে পত্রিকাটি পৌঁছে যাক।’
আরেক সদস্য রাসিদ শাহরিয়ার বলেন, প্রথম আলো সরবরাহ বন্ধ করে তিন দিন দেশের বস্তুনিষ্ঠ খবর থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। তাই যেকোনো মূল্যে খুলনাবাসী প্রথম আলো চান। প্রথম আলো পাঠকদের মধ্যে সরবরাহের জন্য হকারদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, ‘আপনারা যাঁরা প্রথম আলো সরবরাহ করেন, তাঁরা প্রথম আলোর কাছে আপনাদের দাবি তুলে ধরেন। কিন্তু প্রথম আলো পড়া থেকে আমাদের বঞ্চিত করবেন না।’
খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শফিকুল হামিদ চন্দন মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বলেন, তিন দিন ধরে প্রথম আলোর ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছে খুলনার মানুষ। এ কারণেই তাঁরা আজ রাস্তায় নেমেছেন।
খুলনা জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক এল কে টফি বলেন, কিছু হকার তাঁদের দাবির জন্য খুলনাবাসীকে এ পত্রিকা পাঠ থেকে বঞ্চিত করছেন। তিনি হকারদের উদ্দেশে বলেন, ‘যে সমস্যাই থাকুক, আপনারা তা প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সমাধান করুন। কিন্তু আমাদের প্রথম আলোর সংবাদ পাওয়া থেকে বঞ্চিত করবেন না।’
৮ ও ৯ নম্বর সেক্টর মুক্তিযোদ্ধা কমান্ডাস ঐক্য ফোরামের মহাসচিব এস কে শাহিন আজাদ হকারদের প্রতি খুলনায় সঠিকভাবে পাঠকদের কাছে প্রথম আলো পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আগুয়ান-৭১-এর সভাপতি আবদুল্লাহ চৌধুরী বলেন, ‘এক কুচক্রী মহল আমাদের প্রথম আলোর সংবাদ থেকে বঞ্চিত করছে।’ তিনি আরও বলেন, ‘কোনো অপশক্তিই খুলনার বুক থেকে প্রথম আলোকে সরিয়ে ফেলতে পারবে না। এটি সঠিক সংবাদ পরিবেশনে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই একে ধরে রাখার দায়িত্ব আমাদেরই। অচিরেই যদি খুলনায় প্রথম আলো সরবরাহ করা না হয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’