প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তিতে মুক্তি’ স্লোগানে ঢাকা মহানগরের পাঁচটি অঞ্চলে শুরু হয়েছে প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব-২০১৭। মিরপুর অঞ্চলের স্কুল বিতর্ক উৎসব শুরু হবে ১৮ ফেব্রুয়ারি।
এই উৎসব ঘিরে গতকাল সোমবার বেলা ৩টায় মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মিরপুর অঞ্চলের ১৫টি বিদ্যালয়ের শিক্ষক ও প্রশিক্ষকেরা অংশ নেন। সভায় জানানো হয়, প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে মিরপুর অঞ্চলের ১৫টি বিদ্যালয় অংশ নেবে। বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস মিলনায়তনে। প্রতিযোগিতায় সনাতন পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হবে। প্রতিযোগীরা ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও কোয়ার্টার ফাইনাল পর্ব হয়ে চূড়ান্ত পর্বে অংশ নেবে। প্রতিটি পর্বই হবে নকআউট ভিত্তিতে।
মতবিনিময় সভায় মনিপুর উচ্চবিদ্যালয় মূল বালক শাখার গণিত বিভাগের শিক্ষক মঞ্জুর মাহমুদ বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের বিপথগামী হতে দেয় না। বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণ শিখতে পারে। এর মাধ্যমে শুদ্ধ ভাষার চর্চাও হয়ে যায়। প্রথম আলো স্কুল বিতর্কের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটবে।’
বিতর্ক ক্লাব মডারেটর শিক্ষিকা সাহানারা বেগম বলেন, বিতর্ক একটি শিল্প, এটি আমাদের জয়-পরাজয় মেনে নিতে উৎসাহ জোগায়। হাজী আশ্রাফ আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক সমীরণ সাহা বলেন, বিতর্ক নতুন প্রতিভা বিকাশ করে। মনিপুর গার্লস স্কুলের সিনিয়র শিক্ষক রাশেদ কাঞ্চন বলেন, শিক্ষার্থীদের যোগ্য প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ বিতার্কিক গড়ে তুলতে হবে।
এ ছাড়া শিক্ষক একরামুল হক, হাসান মো. মনিরুল আলম, আরিফুল ইসলাম, মাহমুদ হাসান প্রমুখ বক্তব্য দেন।
মিরপুর অঞ্চলের বিতর্ক উৎসবে অংশগ্রহণ করবে মনিপুর উচ্চবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ, কামাল আহম্মেদ মজুমদার স্কুল ও কলেজ, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু বিদ্যানিকেতন, চেতনা মডেল একাডেমী, বশির উদ্দিন আদর্শ স্কুল ও কলেজ, মডেল একাডেমী, গ্রিনফিল্ড স্কুল ও কলেজ, গ্লোরী স্কুল ও কলেজ, এসওএস হারম্যান মেইনর স্কুল ও কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, আদর্শ উচ্চবিদ্যালয়, হাজী আশ্রাফ আলী হাইস্কুল এবং জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। বিতর্ক উৎসব আয়োজনে রয়েছে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। মতবিনিময় সভার সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন। সমন্বয় করেন জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি হাসান মাহমুদ।