
ফেসবুকে প্রথম আলো পেজের অনুসারী এক কোটি পূর্ণ হওয়ায় অভিনন্দন জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।
আজ মঙ্গলবার হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রথম আলোকে এই অভিনন্দন জানানো হয়।
১৭ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো ফেসবুক পেজের অনুসারী এক কোটি পূর্ণ হয়। এর মধ্য দিয়ে ফেসবুকে প্রথম কোনো বাংলাদেশি পেজ কোটির মাইলফলকে পৌঁছায়। এখন প্রথম আলো পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৮৫ হাজারের বেশি।
২০১০ সালের নভেম্বর মাসে প্রথম আলোর এই ফেসবুক পেজ যাত্রা শুরু করে৷ ২০১৪ সালের ২২ জানুয়ারি এটি ফেসবুকে স্বীকৃতি পায় (ভেরিফায়েড হয়)। তখন এর অনুসারী ছিল প্রায় পৌনে ১০ লাখ। গত ২ বছর ৮ মাসে এই পেজের অনুসারী বেড়েছে ১০ গুণের বেশি।
ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্র্যান্ড ইত্যাদি সব ক্যাটাগরিতে বাংলাদেশের ফেসবুক পেজগুলোর মধ্যে প্রথম আলোর পেজে অনুসারী এখন সবচেয়ে বেশি।
‘মিডিয়া’ ক্যাটাগরিতে সারা পৃথিবীর ফেসবুক পেজগুলোর মধ্যে প্রথম আলোর অবস্থান এখন ৯১তম। ভারতের টাইমস অব ইন্ডিয়ার অবস্থান ১০৭তম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের অবস্থান ৬০তম। এই তালিকার শীর্ষে আছে খোদ ফেসবুক, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, ইউটিউব ও ডিজনির মতো নাম।
আরও পড়ুন:
১ কোটি অনুসারীকে ধন্যবাদ