প্রথম আলোকে আঁকড়ে ধরে দেশ গঠন করতে চান পাঠকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় প্রথম আলোর পক্ষ থেকে পাঠকদের ধন্যবাদ জানান যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। ছবি: প্রথম আলো
নাটোর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় প্রথম আলোর পক্ষ থেকে পাঠকদের ধন্যবাদ জানান যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। ছবি: প্রথম আলো

প্রিয় পাঠকদের ধন্যবাদ জানাতে প্রথম আলো শনিবার সন্ধ্যায় নাটোর শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রথম আলোর নতুন গ্রাহকসহ শহরের গুণীজনেরা অংশ নেন। প্রথম আলো পরিবারের সঙ্গে যুক্ত হওয়ায় নতুন গ্রাহকদের অভিনন্দন জানানো হয়। আর পাঠকেরা জানিয়েছেন, তাঁরা সব সময় প্রথম আলোকে আঁকড়ে ধরে দেশ গঠনে কাজ করে যাবেন।

বিকেল চারটায় সিসিলি চায়নিজ রেস্টুরেন্ট মিলনায়তনে মতবিনিময় সভা শুরু হওয়ার কথা থাকলেও নতুন পাঠকেরা বিকেল সাড়ে তিনটা থেকেই সেখানে আসতে শুরু করেন। তাঁদের সঙ্গে যুক্ত হন প্রথম আলোর বেশ কিছু পুরোনো বন্ধু। প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময়ের সূচনা হয়। পরে পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, বিক্রয় মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া ও বিক্রয় ব্যবস্থাপক আমিরুল ইসলাম প্রথম আলোর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বক্তব্য দেন।

সোহরাব হোসেন বলেন, ‘আমি নতুনদের গ্রাহক বা পাঠক বলব না। উনারা প্রথম আলোর নতুন বন্ধু। পুরোনো বন্ধুদের সঙ্গে উনারা যুক্ত হয়েছেন। এ জন্য তাঁদের অভিনন্দন জানাচ্ছি।’ তিনি আরও বলেন, প্রথম আলো প্রতিনিয়ত পাঠকপ্রিয়তা বাড়াতে কাজ করে যাচ্ছে। নতুন গ্রাহকেরা যোগ দেওয়ায় পত্রিকার কর্মীরা আরও উৎসাহ পাবেন ভালো কাজ করার। তিনি উপস্থিত পাঠকদের কাছে প্রথম আলোর ভালো-মন্দ নিয়ে জানতে চান। তাঁর আহ্বানে মতামত তুলে ধরেন নাটোর এনএস সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও নাট্যব্যক্তিত্ব অলক মৈত্র, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সুশান্ত কুমার ঘোষ, সাবেক সভাপতি আবু আহসান টগর, নজরুল মঞ্চের সভাপতি গোলাম কামরান, সাবেক ব্যাংকার মাহফুজ আলম, দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক মো. সেলিম, উত্তরবঙ্গ পত্রিকার নির্বাহী সম্পাদক ও নাটোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় যোগ দিয়ে পাঠকেরা প্রথম আলো সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। ছবি: প্রথম আলো
মতবিনিময় সভায় যোগ দিয়ে পাঠকেরা প্রথম আলো সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। ছবি: প্রথম আলো

পাঠকদের চাহিদার কথা বলতে গিয়ে গোলাম কামরান জানান, পত্রিকার অনেক ভালো কাজের মাঝে নতুন লেখক সৃষ্টি করার কাজ করা উচিত। এ জন্য মফস্বলের নতুন লেখকদের পত্রিকায় লেখার সুযোগ করে দেওয়া জরুরি। আইনজীবী সুশান্ত কুমার ঘোষ বলেন, পত্রিকাটি সামাজিক দায়িত্ব পালন করে সংবাদপত্রের নতুন ধারা সৃষ্টি করেছে। তিনি পত্রিকা কর্তৃপক্ষকে তরুণদের অপরাধে জড়িয়ে পড়া নিয়ে গবেষণার অনুরোধ জানান। অধ্যাপক অলোক মৈত্র বলেন, সমাজের আড়ালে আবডালে যেসব কৃতী তরুণেরা এগিয়ে যাচ্ছেন, তাঁদের নিয়ে আরও বেশি লেখা প্রকাশ করা উচিত।
লাঠি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, প্রথম আলোকে তিনি শুধু পত্রিকা হিসেবে দেখেন না। তিনি এটাকে একটা সামাজিক আন্দোলন বলে মনে করেন। তিনি নিজেকে প্রথম আলোর তথা ভালো উদ্যোগের একজন হকার হিসেবে দাবি করেন। তিনি সাহসী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান পত্রিকাটির কর্তৃপক্ষের কাছে। তিনি পত্রিকার সম্পাদকের কর্মদক্ষতাকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি নিজে একজন ভালো সংগঠক। তাই তিনি ১৯৯৯ সালে সশরীরে নাটোরে এসে লাঠি-বাঁশি সমিতির উদ্যোগকে সমর্থন ও সহযোগিতা দিয়েছেন।

এর আগে প্রথম আলো নির্মিত কয়েকটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। সবশেষে যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন পাঠকদের নানা প্রশ্নের উত্তর দেন।