প্রথম আলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর কারওয়ান বাজারের আইসিএবি মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। এতে সারা দেশ থেকে আসা ১৩৪ জন প্রতিনিধি ও আলোকচিত্রী এবং ১৭ জন আঞ্চ​িলক ব্যবস্থাপকসহ ঢাকা কার্যালয়ের কর্মীরা অংশ নেন l ছবি: প্রথম আলো
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর কারওয়ান বাজারের আইসিএবি মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। এতে সারা দেশ থেকে আসা ১৩৪ জন প্রতিনিধি ও আলোকচিত্রী এবং ১৭ জন আঞ্চ​িলক ব্যবস্থাপকসহ ঢাকা কার্যালয়ের কর্মীরা অংশ নেন l ছবি: প্রথম আলো

গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবি মিলনায়তনে প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলন ২০১৫-এ বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। আগামীকাল বুধবার ৪ নভেম্বর প্রথম আলো ১৮ বছরে পা দিচ্ছে।

সম্মেলনে বক্তারা সাংবাদিকতার পরিবর্তিত পরিস্থিতি, অনলাইন সাংবাদিকতা, সংকটকালীন পরিস্থিতিতে একজন সাংবাদিকের করণীয় সম্পর্কে আলোচনা করেন ও প্রতিনিধিদের দিকনির্দেশনা দেন। তাঁরা বলেন, বর্তমান সময়টি গণমাধ্যম ও দেশের জন্য খুবই কঠিন এবং সংকটের। আর যেকোনো সংকটকালীন পরিস্থিতিই একজন সাংবাদিকের জন্য আসল পরীক্ষার সময়। এই পরীক্ষায় সবাইকে উত্তীর্ণ হতে হবে। মনে রাখতে হবে, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটা একটা ব্রত।

সম্মেলনের সমাপনী বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকে প্রথম আলো দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে আসছে। এর জন্য আমরা যেমন সম্মান ও স্বীকৃতি পাই, তেমনি কোনো কোনো পক্ষ দ্বারা নানাভাবে আক্রান্তও হই। কিন্তু সঠিক পথে এগিয়ে যেতে পারলে তা আমাদের সম্মানকে আরও বাড়িয়ে দেবে।’

বিদ্যমান সংকটকালীন পরিস্থিতিতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যাচাই-বাছাইসহ আরও সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান মতিউর রহমান। তিনি বলেন, মানুষ তাঁর নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা পত্রিকার পাতায় দেখতে চান। এর মাধ্যমেই পত্রিকার সঙ্গে পাঠকের সম্পর্ক গড়ে ওঠে।

এর আগে সকাল ১০টায় তিন ভাইবোন স্বাগতা, সভ্যতা ও সন্ধির গান দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সারা দেশের ১৩৪ জন সংবাদকর্মী ও আলোকচিত্র সাংবাদিক এবং ১৭ জন আঞ্চলিক ব্যবস্থাপক (বিপণন) অংশ নেন। এতে ঢাকা কার্যালয়ের বার্তা বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মীরাও অংশ নেন। উদ্বোধনী পর্বে আটজন সংবাদকর্মীর সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। 

বেলা সাড়ে ১১টায় বক্তৃতা পর্বে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এই চেহারাগুলোই আমাদের কাছে সারা বাংলাদেশের চেহারা। আপনাদের চোখে প্রথম আলোর ৫৫ লাখ পাঠক বাংলাদেশকে দেখেন। তাই আপনাদের দেখার দৃষ্টি হতে হবে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ।’

মুক্ত আলোচনা পর্বে প্রথম আলোর সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে মতামত দেন ছয়জন সংবাদকর্মী। এরপর মূল্যায়ন পর্বে প্রতিনিধিদের পাঠানো সেরা ১০টি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও আনিসুল হক, পরামর্শক সম্পাদক কামাল আহমেদ, ফিচার সম্পাদক সুমনা শারমীন, উপদেষ্টা (বার্তা) কুর্‌রাতুল-আইন-তাহ্‌মিনা, বার্তা সম্পাদক সেলিম খান, চিফ বিজনেস অফিসার তানভীর আহমাদ, উপফিচার সম্পাদক জাহিদ রেজা নূর, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, বিশাল বাংলার বিভাগীয় প্রধান তুহিন সাইফুল্লাহ ও জ্যেষ্ঠ সহসম্পাদক আবুল হাসনাত দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।

পুরস্কার পেলেন যাঁরা: সম্মেলনে ২০১৫ সালের সেরা সাহসী কর্মীর পুরস্কার পেয়েছেন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি এ বি এম মিজানুর রহমান। সেরা সংবাদকর্মীর পুরস্কার পেয়েছেন সাভারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অরূপ রায় ও বরগুনার নিজস্ব প্রতিবেদক জসীম উদ্দিন। সেরা আলোকচিত্র সাংবাদিকের পুরস্কার পান বগুড়ার সোয়েল রানা।