প্রথম আলোকে যা বলেছিলেন সাংবাদিক ডেভিস
যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেনস ইন্টেলিজেন্স রিভিউ (জেআইআর)-এর এশিয়া অঞ্চলের প্রতিনিধি অ্যান্থনি ডেভিস বলেছেন, ১০ ট্রাক অস্ত্র আটক হওয়াটা স্বাভাবিক ঘটনা ছিল না। চালান যাতে ধরা না পড়ে, সে ব্যবস্থা আগেভাগে নিশ্চিত করেই তারা অস্ত্র পাচারের উদ্যোগ নেয়। তিনি বলেন, প্রথমে তারা কক্সবাজারে অস্ত্রের চালানটি খালাস করে মিয়ানমারের চিন প্রদেশের মধ্য দিয়ে পাচারের পরিকল্পনা করেছিল। কিন্তু সেটা শতভাগ নিরাপদ নয় ভেবেই চট্টগ্রামের উপকূল দিয়ে খালাসের ব্যবস্থা নেয়। কিন্ত এখানেও আটক হওয়া নেহাত দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়।
২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রথম আলোর সঙ্গে সাক্ষাত্কারে এ তথ্য দেন অ্যান্থনি ডেভিস।
অ্যান্থনি ডেভিস বলেন, ‘আমি অনেকটা নিশ্চিত, যে অস্ত্র আটক হয়েছিল তার মূল উত্স ছিল চীন। হংকংয়ে অবস্থানরত ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (এনএসসিএন) একজন এজেন্টের মাধ্যমে চীনের আধাসরকারি অস্ত্র তৈরির কারখানা নর্থ চায়না ইন্ডাস্ট্রিজ করপোরেশন (নোরিনকো) থেকে এসব অস্ত্র কেনা হয় বলে আমার দৃঢ় বিশ্বাস। এনএসসিএনের ওই এজেন্টকে একটি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা অর্থ জোগান দেয় বলে বিভিন্নভাবে জানা যায়। তবে এর দালিলিক কোনো প্রমাণ নেই।’ তিনি বলেন, ‘ওই গোয়েন্দা সংস্থা এমন সূক্ষ্মভাবে এ ধরনের কাজ করে, যাতে দালিলিক কোনো প্রমাণ পাওয়া কঠিন।’
ব্যাংককের একটি হোটেলে অস্ত্র কেনা ও পরিবহন পরিকল্পনা বৈঠকে কোনো বাংলাদেশির উপস্থিত থাকার সম্ভাবনা নাকচ করে দিয়ে সাংবাদিক ডেভিস বলেন, বাংলাদেশের কেউ বিষয়টি জানত না। তবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র পাচারের বিষয়টি বাংলাদেশের গোয়েন্দাদের অজানা থাকার কথা নয়। কারণ কোনো দেশের মধ্য দিয়ে এত বড় অস্ত্রের চালান যাবে, আর তা গোয়েন্দা সংস্থাগুলো জানবে না—এটা বিশ্বাস করা কঠিন। অস্ত্র পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনও এটা আগে থেকে জানতেন বলে তিনি মনে করেন।
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কর্মকাণ্ডের বিশাল নেটওয়ার্কের কথা উল্লেখ করে অ্যান্থনি ডেভিস বলেন, যে দুটি ট্রলারে করে বহির্নোঙর থেকে অস্ত্র খালাস করে চট্টগ্রামের উপকূল পর্যন্ত নিয়ে আসা হয়, সেগুলোর মালিক উলফার বলে বিভিন্নভাবে তথ্য পাওয়া গেছে। তিনি জোর দিয়ে বলেন, ‘উলফার একটি নির্ভরযোগ্য সূত্র ব্যাংককে আমাকে নিশ্চিত করেছে যে চট্টগ্রামে চলাচলকারী কয়েকটি ট্রলারের মালিক তারা। এ কারণে নিজস্ব অস্ত্র পাচারের কাজে নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে তারা নিজেদের ট্রলার ব্যবহার করছে বলে আমার মনে হয়।’
চট্টগ্রামে আটক অস্ত্র সম্পর্কিত তাঁর প্রতিবেদন এবং প্রথম আলোকে দেওয়া তথ্যের সূত্র সম্পর্কে জানতে চাইলে অ্যান্থনি ডেভিস বলেন, ‘দীর্ঘ ৩০ বছর ধরে এসব বিষয় নিয়ে কাজ করছি। তা ছাড়া গোয়েন্দা কর্মকর্তাদের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে চোরাই পথে অস্ত্র বেচাকেনায় জড়িত লোকজনের দেওয়া তথ্য এবং নিজস্ব বিশ্বস্ত কিছু সূত্রের দেওয়া তথ্য যাচাইবাছাই শেষে যা বুঝতে পেরেছি, সেটাই আমি জেনসের প্রতিবেদনে উল্লেখ করেছি।’
জেনসের গুরুত্ব কেন: সারা বিশ্বে প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ ইত্যাদি বিষয় নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য সরবরাহকারী ও পরামর্শদাতা হিসেবে পরিচিত জেনস ইনফরমেশন গ্রুপ। বিশ্বের ১৮০টি দেশের সরকারি ও বেসরকারি সংস্থা এর গ্রাহক। এই গ্রাহকদের জন্য জেনস ২০০৩ সালে অনলাইনে জেনস ইন্টেলিজেন্স ও জেনস টেররিজম অ্যান্ড ইনফরমেশন সেন্টার খোলে। ইংরেজ সাংবাদিক ও সাহিত্যিক জন ফ্রেডারিক টমাস জেন ১৮৯৮ সালে যুদ্ধজাহাজের হাতে আঁকা ছবিসংবলিত একটি পত্রিকা প্রকাশ করেন, নাম দেন আয়রনক্লাডস অব দ্য ওয়ার্ল্ড। ১৯০৯ সালে প্রকাশিত হয় উড়োজাহাজের ছবি নিয়ে আরেকটি সংখ্যা। এই প্রখ্যাত সাংবাদিক ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভেরও একজন প্রতিষ্ঠাতা। টমাস জেনের সেই প্রতিরক্ষাবিষয়ক পত্রিকা বের করার উদ্যোগ কালক্রমে আজ জেনস ইনফরমেশন গ্রুপ নামে পরিচিতি লাভ হয়েছে। ১৯৮৪ সাল থেকে এখান থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে জেনস ডিফেন্স উইকলি। এদের আরেকটি সাময়িকী জেনস ইন্টেলিজেন্স রিভিউ। সামরিক গোয়েন্দা (মিলিটারি ইন্টেলিজেন্স)-সম্পর্কিত এই সাময়িকীতে আন্তর্জাতিক নিরাপত্তা, আঞ্চলিক সংঘাত, সংঘবদ্ধ অপরাধ, অস্ত্রের চোরাচালান ও বিস্তার বিষয়ে অনুসন্ধানী ও গবেষণামূলক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়।
১৯৮৮ সাল থেকে লন্ডনকেন্দ্রিক জেনস ইনফরমেশন গ্রুপে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করছেন অ্যান্থনি ডেভিস। এর আগে তিনি ওয়াশিংটন পোস্ট, লন্ডন অবজারভার, টাইম, এশিয়াউইকের মতো প্রভাবশালী পত্রিকায় কাজ করেছেন। তাঁর লেখার বিষয়ের মধ্যে আছে, আফগানিস্তানে সংঘাত, কাশ্মীর সমস্যা, শ্রীলঙ্কার জাতিগত সমস্যা, মিয়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর তত্পরতা, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ইত্যাদি।
জেনস ইন্টেলিজেন্স রিভিউর (জেআইআর) এশিয়া অঞ্চলের প্রতিনিধি অ্যান্থনি ডেভিস দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালান, সন্ত্রাসবাদী কার্যকলাপ ইত্যাদি সরেজমিনে অনুসন্ধান করে প্রতিবেদন তৈরির কাজ করছেন। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক ঘটনায় তাঁর প্রথম প্রতিবেদন প্রকাশিত হয় ২০০৪ সালের ১ মে। একই বিষয়ের ওপর জেআইআরে ডেভিসের দ্বিতীয় অনুসন্ধানী ও তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয় ওই বছরের ১ আগস্ট। ২০০৬ সালের ১ জুলাই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বিষয়ে ডেভিসের গবেষণামূলক দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রথম আলোর পক্ষ থেকে জেআইআর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অ্যান্থনি ডেভিসের সঙ্গে সাক্ষাতের দিনক্ষণ স্থির করা হয়। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ব্যাংককে ডেভিসের সঙ্গে প্রথম আলোর প্রতিবেদকের সাক্ষাত্ হয়।
(এই প্রতিবেদনটি ২০০৯ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল। পাঠকদের আগ্রহের কথা বিবেচনা করে কিছু পরিমার্জন করে প্রতিবেদনটি আবার প্রকাশ করা হলো)