প্রথম আলোতে তিন শেরপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসা ইব্রাহীমের সঙ্গে এভারেস্ট চূড়ায় ওঠা দুই নেপালি শেরপা ও তাঁদের দলনেতা গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে তাঁরা সরাসরি প্রথম আলো কার্যালয়ে আসেন।তিন শেরপার মধ্যে দলনেতা ছিলেন সোম বাহাদুর তামাং এবং মুসার সঙ্গে এভারেস্ট চূড়ায় ওঠেন কৈলাশ তামাং ও লাকপানুরু।বাংলাদেশে এটাই তাঁদের প্রথম সফর। হজরত শাহজালাল বিমানবন্দরে নেমে শেরপাদের মনে হয়েছে যেন আগুনের মধ্যে এসে পড়েছেন। কৈলাশ তামাং প্রথম আলোর কাছে এই অভিজ্ঞতা বর্ণনা করলেন এভাবে, ‘আমাদের জন্ম হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট ওপরে। একেকজন তিন-চারবার করে এভারেস্ট চূড়ায় উঠেছি। পেশার কারণে প্রায় সব সময় প্রচণ্ড ঠান্ডার মধ্যে থাকতে হয়। তাই বাংলাদেশকে মনে হয়েছে যে আগুনের গোলক।’শেরপাদের কাছ থেকে এমন বর্ণনার কথা শুনে মনে হচ্ছিল এভারেস্ট বিজয়ের মিশনে নামা মুসার কাছে অভিজ্ঞতা জানতে চাইলে তাঁর জবাবটা হয়তো উল্টো হতো। এমন গরম আবহাওয়া থেকে মাইনাস তাপমাত্রায় পৌঁছে নিশ্চয়ই মুসার মনে হয়েছিল, ‘জমে বরফের গোলক হয়ে যাচ্ছি।’ মুসা সম্পর্কে কৈলাশ তামাং বলেন, ‘সে (মুসা) অন্য অভিযাত্রীদের মতোই। তবে নামার সময় তাকে অনেক ক্লান্ত মনে হয়েছে।’ তিনি জানান, ‘পাথরে ঘষা লেগে মুসার অক্সিজেন সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলে আমি আমার সিলিন্ডার তাঁকে দিয়ে দিই। কেননা আমরা পাঁচ-ছয় ঘণ্টা সিলিন্ডার ছাড়া থাকতে পারি। কিন্তু ওর পক্ষে তা সম্ভব ছিল না।’ অগ্রবর্তী বেস ক্যাম্পে (এবিসি) অবস্থানরত শেরপাদের দলনেতা সোম বাহাদুর বলেন, বাংলাদেশে এসে খুব ভালো লাগছে।