প্রথম আলোয় প্রকাশিত ছবি দেখে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের আশ্রয়কেন্দ্রে থাকা বগুড়ার ধুনটের দুই যুবককে শনাক্ত করেছেন তাঁদের স্বজনেরা। ওই দুজন জানিয়েছেন, আশ্রয়কেন্দ্রে তাঁদের সঙ্গে আছেন একই এলাকার আরও চারজনের। মানব পাচারকারী দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলে বাড়ি ফেরার আকুতি জানিয়েছেন ওই যুবকেরা।
পরস্পরের আত্মীয় ওই যুবকেরা হলেন ধুনট উপজেলার শৈলমারি গ্রামের খোরশেদ আলমের ছেলে আমিনুল ইসলাম (২৮), আবুল হোসেনের ছেলে জিহাদুল ইসলাম (৩০), জয়নাল আবেদীনের ছেলে আলমগীর হোসেন (৩০), পারধুনট গ্রামের আবদুল আউয়ালের ছেলে আশাদুল ইসলাম (২৮), বাবর আলীর ছেলে আজিবর হোসেনে (৩০) ও খোকশাহাটা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে লিখন মিয়া (২৭)।
যুবকদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকায় রিকশা চালানোর কথা বলে বাড়ি থেকে চলে যান তাঁরা। অনেক দিনে ধরেই এই যুবকদের খোঁজ পাচ্ছিলেন না স্বজনেরা। গত শনিবার প্রথম আলোর মতামত পাতায় ‘মানব পাচার রোধে ক্রসফায়ার থেরাপি!’ শীর্ষক নিবন্ধের সঙ্গে আচেহ প্রদেশের আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের একটি ছবি প্রকাশিত হয়। ওই ছবি দেখে শনিবার দুপুরে শৈলমারি গ্রামের আমিনুল ইসলাম ও জিহাদুল ইসলামকে শনাক্ত করেন তাঁদের স্বজনেরা। আমিনুল ও জিহাদুল তাঁদের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় জানিয়েছেন, তাঁদের এলাকার আমিনুল, আশাদুল ও আজিবর তাঁদের সঙ্গে আশ্রয়কেন্দ্রে আছেন।
গত শনিবারই আমিনুল মুঠোফোনে তাঁর বাবা খোরশেদ আলমের সঙ্গে কথা বলেন। বাবা খোরশেদ আলম বলেন, ‘প্রায় এক মাস আগে আমিনুল আমাকে মোবাইলে জানায়, সে যশোর জেলার শাহাব উদ্দিন নামের একজন দালালের মাধ্যমে মালয়েশিয়া যাইব। এর কয়েক দিন পরে আবার ফোন করে জানায়, “ট্রলারে করে মালয়েশিয়া যাচ্ছি। এখন সমুদ্রের মধ্যে ট্রলারের ভেতর আছি। কিন্তু অজ্ঞাত এই স্থানের নাম বলতে পারছি না। তবে মালয়েশিয়া যেতে আরও মাস খানেক সময় লাগতে পারে।” এ সময় মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’ খোরশেদ বলেন, ‘এরপর ছেলের সঙ্গে আর কথা হয়নি। গত শনিবার প্রথম আলো পত্রিকায় ছেলের ছবি দেখে তাকে চিনতে পারছি। সে এখন ইন্দোনেশিয়ায় একটি আশ্রয়কেন্দ্রে আছে।’
শৈলমারি গ্রামের জিহাদুলের স্ত্রী আসমা খাতুন বলেন, ‘প্রায় আড়াই মাস আগে জিহাদুল ঢাকায় রিকশা চালানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ হয়নি। এমনকি মালয়েশিয়া যাওয়ার কথাটাও তিনি আমাকে বলেননি।’ আসমা বলেন, ‘শনিবার দুপুরের দিকে আমার ভাশুর (স্বামীর বড় ভাই) শহর থেকে একটি খবরের কাগজ এনে দেখান, সেখানে আমার স্বামীর ছবি আছে। সেই ছবি দেখে স্বামীকে চিনতে পারছি।’
জিহাদুলের বড় ভাই জাহিদ হাসান বলেন, ‘শনিবার ভোর পাঁচটার দিকে ছোট ভাই মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জানায়, তারা ছয়জন একই স্থানে খুবই কষ্টের মধ্যে আছে। বাড়ি ফেরার চেষ্টা করছে। এরপর হঠাৎ করেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়। পরে ওই নম্বরে বারবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হচ্ছে না।’
খোকশাহাটা গ্রামের লিখন মিয়ার মা মমতা বেগম বলেন, ‘আমার ছেলে আগেও একবার মালয়েশিয়া গিয়ে তিন বছর থেকে বাড়িতে এসেছে। এবার আবার মালয়েশিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। আমার সঙ্গে আজ পর্যন্ত ছেলের কোনো কথা হয়নি।’ আমিনুল, আশাদুল ও আজিবরও স্বজনদের সঙ্গে কথা বলেছেন।