প্রথম আলোবাহী গাড়িতে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও সংবাদপত্র বহনকারী গাড়ি হরতাল-সমর্থকদের হামলার শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে আরিচা ঘাট থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলার প্রথম আলো বহনকারী ঢাকা মেট্রো জ-১৪০৪৩০ গাড়ি গোয়ালন্দ ঘাট পার হয়ে মাগুরায় যাওয়ার পথে হরতাল-সমর্থকদের হামলার শিকার হয়। হামলাকারীরা গাড়ি ভাঙচুরসহ চালককে মারধর করে। চালক ডালিম জানান, প্রথম দুই দিনের হরতালেও বগুড়া ছাপাখানা থেকে প্রথম আলো আনার সময় নাটোর ও সিরাজগঞ্জে হরতাল-সমর্থকেরা হামলা চালান।
সংবাদপত্র এজেন্ট আতিকুর রহমান জানান, বগুড়া ছাপাখানা থেকে প্রথম আলো আনার সময় দুই দফা হামলা হওয়ায়, রুট পরিবর্তন করে ঢাকায় ছাপানো পত্রিকা আরিচা ঘাট দিয়ে আনা হচ্ছিল। এবার সে পথেও গাড়িতে হামলা চালানো হলো। ফলে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও ফরিদপুর জেলায় নির্দিষ্ট সময়ে প্রথম আলো পাঠকদের হাতে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।