কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের আনাস বিন মালিক মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র আবু রায়হান গতকাল শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে দেখল কিছু লোক প্রথম আলো পড়ছে। এ সময় পত্রিকার প্রথম পাতার একটি ছবিতে চোখ পড়তেই চিৎকার করে উঠল সে। এরপর ছবিতে একজনকে দেখিয়ে সে জানাল, ওই ব্যক্তি তার বাবা আবু বকর।
গতকাল প্রথম আলোর প্রথম পাতায় আন্দামান সাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের দুটি ছবি ছাপা হয়। নিচের ছবিতে মাথায় টুপি, মুখে দাড়ি ও নীল টি-শার্ট পরিহিত ব্যক্তি টেকনাফের ডেইলপাড়ার আবু বকর (৩৭)। ওপরের ছবির সাদা গেঞ্জি
পরা ব্যক্তিটিও আবু বকর। আবু বকরের মা আনোয়ারা বেগম ও স্ত্রী দিলদার বেগম ছবি দেখে তাঁকে শনাক্ত করেন।
পত্রিকায় বাবার ছবি দেখে দৌড়ে টেকনাফ বাসস্টেশনে ছুটে যায় আবু রায়হান। সেখানকার দোকান থেকে প্রথম আলো নিয়ে বাড়ি ছুটে যায় সে। এরপর প্রথম আলোয় ছাপা হওয়া ছবিতে আবু বকরকে দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী, সন্তান ও মা।
গতকাল বেলা একটার দিকে আবু বকরের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁর মা, স্ত্রী, বোন রুখিয়া আকতার কান্নাকাটি করছেন। ছেলে আবু রায়হান (১১) ও আবু সোহান (৮) এবং মেয়ে সোহানা আকতার (৪) বাবার ছবি অন্যদের দেখাচ্ছে।
আনোয়ারা বেগম জানান, চার মাস আগে বকর মালয়েশিয়া যাওয়ার জন্য বাড়ি ছেড়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ। এত দিন কোনো যোগাযোগ না থাকায় তাঁরা ধরে নিয়েছিলেন আবু বকর আর জীবিত নেই।
দিলদার বেগম বলেন, তাঁর স্বামী গরুর ব্যবসা করতেন। তাঁদের সংসার ভালোই চলছিল। চার মাস আগে নয়াপাড়ার এক দালাল মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে তাঁর স্বামীকে নৌকায় তুলে দেয়। প্রথম আলোয় এই ছবি ছাপা না হলে তাঁর স্বামীর বেঁচে থাকার খবর জানা হতো না।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, ছবি দেখে আবু বকরকে শনাক্ত করেছেন স্বজনেরা।