প্রথম আলোর অগ্রযাত্রা অব্যাহত থাকুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো একটি আলোকবর্তিকা। যার মাধ্যমে মানুষ, সমাজ ও দেশ আলোকিত হচ্ছে। এ দৈনিকটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রেখে চলেছে। একটি পত্রিকা যে সমাজের সব শ্রেণির মানুষের নির্ভরতার জায়গা হতে পারে, তা প্রথম আলো প্রমাণ করেছে। প্রথম আলোর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক যুগ যুগ।

প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে দেশের ৮৭টি জায়গায় গতকাল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসব কর্মসূচি পালনে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা।

বক্তারা আরও বলেন, প্রথম আলো দলনিরপেক্ষ কাগজ। এ দৈনিকটি সূর্যের কিরণের মতো জ্ঞানের আধার। নারী শক্তিকে জাগ্রত করে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে প্রথম আলো পড়তে হবে।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানোখবর:

সাতক্ষীরা: সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান। বক্তব্য দেন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আবদুল সাদী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। অনুষ্ঠানের গান পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা। আলোচনা শেষে ১৮তম জন্মদিনের কেক কাটা হয়।

পটুয়াখালী: বেলা তিনটায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে ড. আতাহার উদ্দিন মিলনায়তনে এসে শেষ হয়। পরে ওই মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার নির্মল কুমার দাস গুপ্ত, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, সুশাসনের জন্য প্রচারাভিযানের জেলা সভাপতি দেলোয়ার হোসেন, অশোক কুমার দাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস। সমাপনী বক্তব্য দেন পটুয়াখালী বন্ধুসভার সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ফরিদপুর: বেলা তিনটায় স্থানীয় জনতা ব্যাংকের মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। বক্তব্য দেন শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ, আলতাফ হোসেন, শিপ্রা রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার সভাপতি সুজীৎ কুমার দাস, ধন্যবাদ জ্ঞাপন করেন সাংগঠনিক সম্পাদক মাফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়।

এ ছাড়া গত বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে বন্ধুসভার উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ওই দিন অনির্বাণ স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আবু হোসেন রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন।

কুষ্টিয়া: বিকেলে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কেক কাটা হয়। পরে প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসানের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান নুরুন্নাহার, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা, কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই, সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী, পাঠক তাসমিয়া তাবাসসুম প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়। পরে বন্ধুসভার সভাপতি রহুল আমিন ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ করেন।

চুয়াডাঙ্গা: বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শহীদ মিনারের পাদদেশে কেক কাটা হয়। প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ। এ সময় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে বন্ধুসভার সভাপতি আবদুল ওহাব উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

রাজবাড়ী: বিকেল সোয়া তিনটায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। প্রদ্যুৎ কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শামীমা আক্তার, আবদুল জব্বার, আহনাফ হাসান প্রমুখ। বন্ধুসভার বন্ধুদের কবিতা আবৃত্তি ও গান পরিবেশনের পরমিষ্টিবিতরণ করা হয়। 

শরীয়তপুর: বেলা সাড়ে তিনটার দিকে শরীয়তপুর সরকারি কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে বক্তব্য দেন শরীয়তপুরের জাদুশিল্পী মুরাদ হোসেন মুন্সি, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোশারফ আলী, শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক নারায়ণ চন্দ্র ঘোষ, বন্ধুসভার সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

মাগুরা: বিকেলে মাগুরা সৈয়দ আতর আলী পাঠাগার চত্বর প্রথম আলোর পাঠক-শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয়। বিকেল চারটায় অনুষ্ঠান শুরু করেন প্রথম আলোরপ্রতিনিধি কবির হোসেন। বক্তব্য দেন পাঠক আবদুল্লাহ আল সামিত, শিক্ষিকা কৃষ্ণা ভট্টাচার্য, নারী নেত্রী লিপিকা দত্ত, অধ্যক্ষ এম আর খান, আইনজীবী হোসনে আরা আজিজ, পৌরসভার মেয়র ইকবাল আকতার খান, মাগুরা মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম, বন্ধুসভার মো. মফুজার রহমান ও মো. মাহফুজুল হক। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ঝিনাইদহ:বন্ধুসভা ঝিনাইদহ শাখার আয়োজনে বিকেলে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান। বক্তব্য দেন পাঠক আবদুল মান্নান, হাবিবুর রহমান, বন্ধুসভার নওরিন সুলতানা প্রমুখ। আলোচনার ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করা হয়।  

মঠবাড়িয়া (পিরোজপুর): সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক সদানন্দ গাইন, সরকারি মহিলা কলেজের শিক্ষক রফিকুলইসলাম, বন্ধুসভার সদস্য ও পাঠকেরা অংশ নেন। পরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর সুবিধাবঞ্চিত ১০ শিক্ষার্থীকে বন্ধুসভার পক্ষ থেকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর মঠবাড়িয়া প্রতিনিধি এ কে এম ফয়সাল।

বাগেরহাট: সৃষ্টিশীল, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা প্রথম আলোকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রথম আলোর সূচনালগ্নের একজন পাঠক হিসেবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস। গতকাল বিকেলে প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আয়োজিত পাঠক সমাবেশ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এমন আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে তাঁরা বন্ধুসভার সদস্যদের নিয়ে কেক কাটেন। বাগেরহাট পুরাতন কোর্ট চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা কামাল উদ্দিনসহ কমল ঘোষ, মোস্তাফিজুর রহমান, শেখ মুজিবর রহমান, সীতা রানী দেবনাথ, রেহানা পারভীন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আহাদ হায়দার। সমাপনী বক্তব্য দেন বাগেরহাট বন্ধুসভার সভাপতি নাসিফ কবির। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।

ভোলা: বিকেলে শোভাযাত্রা শেষে ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় বক্তব্য দেন নাজিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমানসহ আবু তাহের, আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন উত্তম কুমার ঘোষ, তৃষা ভাওয়াল, ভাস্কর মজুমদার এবং আবৃত্তি পরিবেশন করেন জাভেদ ইকবাল।

গৌরনদী (বরিশাল): বিকেলে শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোরগৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম, বক্তব্য দেন সরকারি গৌরনদী কলেজের উপাধ্যক্ষ মো. নিজামুল হায়দার, মুক্তিযোদ্ধা খান শামছুল হক প্রমুখ।

কেশবপুর (যশোর): বিকেল চারটায় শোভাযাত্রা বের হয়ে রক্তকরবী উন্মুক্ত মঞ্চে শেষ হয়। শুভেচ্ছা পর্বে সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি কে এম সাঈদ আনোয়ার। স্বাগত বক্তব্য দেন মনিরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক।