বিশ্বের ২১২ দেশ ও অঞ্চল থেকে বিপুলসংখ্যক পাঠক অনলাইনে প্রথম আলো পড়েন : en.prothom-alo.com এই ঠিকানায় ইংরেজি পোর্টালটি পাঠকেরা দেখতে পারবেন
প্রথম আলোর ইংরেজি পোর্টালের যাত্রা শুরু

বিশ্বের সর্বাধিক পঠিত বাংলা ওয়েব পোর্টাল প্রথম আলোর ইংরেজি ভার্সনের যাত্রা শুরু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা করেন মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।
বর্তমানে বিশ্বের ২১২ দেশ ও অঞ্চল থেকে বিপুলসংখ্যক পাঠক অনলাইনে প্রথম আলো পড়েন। দেশে ও দেশের বাইরের পাঠকদের কাছে অনলাইনে প্রথম আলোর সংবাদ, মতামত, ফিচার ইংরেজিতে পৌঁছে দিতে পোর্টালটি চালু হলো। অনলাইনে en.prothom-alo.com—এই ঠিকানায় ইংরেজি পোর্টালটি পাঠকেরা দেখতে পারবেন।
অনুষ্ঠানে লতিফুর রহমান বলেন, বর্তমানে দেশের তরুণ প্রজন্মের অনেকেই ইংরেজিতে খবর পড়তে পছন্দ করেন। ইংরেজি পোর্টাল চালুর মাধ্যমে তাঁদের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বপরিমণ্ডলে প্রথম আলো নিজেদের যাত্রা শুরু করল। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দ্বিতীয় প্রজন্ম অনেকেই বাংলাদেশ সম্পর্কে জানতে চান। তাঁদের অনেকেই বাংলার চেয়ে ইংরেজিতে স্বাচ্ছন্দ্য। প্রথম আলোর ইংরেজি ভার্সন তাঁদের বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো ছাপা সংস্করণ ইতিমধ্যে দেশের বাইরে পৌঁছে গেছে। এখন ইংরেজি ভার্সনের মাধ্যমেও নতুন পাঠকের কাছে পৌঁছে যাবে প্রথম আলো। প্রথম আলো সব সময় ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরে, তরুণদের অনুপ্রাণিত করে।
প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এহতেরাম উদ্দিন গত এক বছরে বিপণনের ক্ষেত্রে প্রথম আলো ডিজিটালের নেওয়া নতুন নতুন উদ্যোগের কথা তুলে ধরেন। গতকালের এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান এবং সঞ্চালনায় ছিলেন প্রথম আলো ডিজিটালের বিক্রয় ব্যবস্থাপক স্টিভ অ্যান্থনি জেকব।