প্রথম আলোর উদ্যোগে খুলনা ও পাবনায় শীতবস্ত্র বিতরণ
‘এবারের এত শীতেও আব্বা একটা শীতের কাপড় কিনে দিতে পারেনি। প্রথম আলো জ্যাকেট দেওয়ায় শীতের মধ্যে আমার ক্লাস করতে আর কষ্ট হবে না’—গতকাল বৃহস্পতিবার জ্যাকেট পেয়ে এভাবেই প্রতিক্রিয়া জানান খুলনার ডুমুরিয়া উপজেলায় শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী জায়েদা আফরোজ।প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থী এবং এলাকার দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই দিন পাবনা সদরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ১০০ জন ও বন্ধুসভার সদস্যদের তোলা চাঁদায় ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।ডুমুরিয়ায় শিক্ষার্থী ও দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন অধ্যক্ষ শেখ মোয়াজ্জেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক রমেশ চন্দ্র মণ্ডল, প্রত্যয় প্রতীক, রাজীব সরদার ও প্রথম আলোর ডুমুরিয়া প্রতিনিধি কাজী আবদুল্লাহ। ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এ বছর জিপিএ-৫ পাওয়া আবদুল্লাহ শেখ বলেন, ‘শীতের কাপড় না থাকায় একটা জামা পরেই বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেছি। জ্যাকেট পেয়ে খুব উপকার হলো।’এদিকে সকাল সাড়ে ১০টায় পাবনায় পদ্মা নদীর ভাঙনকবলিত গুচ্ছগ্রাম, চর সদিরাজপুর ও চর কমরপুর গ্রামের ২০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে ভাঙনে সর্বস্ব হারা শীতার্ত মানুষের অনেকেই কেঁদে ফেলে। পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের চর সদিরাজপুরে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হজরত আলী, পাবনা সিটি কলেজের প্রভাষক শামসুন নাহার বর্ণা, পাবনা বন্ধুসভার মুস্তাফিজুর রহমান, সোনিয়া আফরোজ, সিনথিয়া রহমান, ফয়সাল আহম্মেদ প্রমুখ।কম্বল পেয়ে অনুভূতি জানাতে গিয়ে চর সদিরাজপুর গ্রামের নদীভাঙনের শিকার কৃষক আনছার আলী (৭৫) বলেন, ‘নদীর ভাঙনে ব্যাবাক কিছু আরাইচি, শীতি খুব কষ্টে ছিলেম। আইজ পরথম এটা কম্বল পালেম। এহন ইট্টু শান্তিতি ঘোম পারবের পারবনে।’