প্রথম আলোর উদ্যোগে জামাকাপড় বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদরের শরীফপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে গতকাল বুধবার স্থানীয় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢেঙ্গারগড় গ্রামের গারো আদিবাসী পরিবারের মা ও শিশুদের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণের ৪০০ পিস সোয়েটার, জামা, প্যান্ট, হাফপ্যান্ট ও অন্যান্য কাপড় বিতরণ করা হয়েছে। শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাপড় বিতরণের জন্য জামালপুর বন্ধুসভার সদস্যরা সকাল ১০টায় দুই বস্তা কাপড় নিয়ে সেখানে পৌঁছান। স্থানীয় ঢেঙ্গারগড় গারোপাড়ার আদিবাসী নমিতা মারাক কাপড় পেয়ে বললেন, ‘ছেলে নিঝুম মারাকের লাইগা গেঞ্জি, জামা, নিলাম তিনটা। অর বাবার লাইগাও নিছি একটা।’ প্রথম শ্রেণীর ছাত্র ইমল মারাক বলল, ‘আমি নিছি গেঞ্জি। ছোট ভাই শ্রীমলের লাইগাও নিছি।’ পরে শ্রীরামপুর বহমুখী উচ্চবিদ্যালয় ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢেঙ্গারগড় আদিবাসী শিশুদের মধ্যে কাপড়গুলো বিতরণ করা হয়। অসহায় দরিদ্র নারী ও শিশুদের মধ্যে কাপড় বিতরণে অংশ নেন শ্রীরামপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আউয়াল খান, সহকারী শিক্ষক লুৎফর রহমান, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমিন এবং সাংবাদিক মো. শাহ আলী। এ সময় প্রথম আলোর জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু, বন্ধুসভার সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তাঁদের সহযোগিতা করেন।