প্রথম আলোর উদ্যোগে তিন জেলায় ৭৫০টি শীতবস্ত্র বিতরণ
‘ছোটকাল হইতে মোর জামপার পরিবার হাউস আছিলো। মুই জীবনে একটা এইমন জামপার (সোয়েটার) পিন্দির পানু না হয়, বাহে। তোমরা মোক বুড়া বয়সোত জামপার পরাইলেন। তোমরার ভালো হোক।’ সোয়েটার পেয়ে লালমনিরহাটের সীমান্তবর্তী গ্রাম ঝালাঙ্গী পকেটের বৃদ্ধা রেজিয়া (৬০) এভাবেই অনুভূতি প্রকাশ করেন। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় গতকাল সোমবার পর্যন্ত তিন দিনে লালমনিরহাটের পাটগ্রাম, যশোরের মনিরামপুর ও পাবনার ঈশ্বরদীতে দরিদ্র শীতার্তদের মধ্যে ৭৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পাটগ্রাম (লালমনিরহাট): ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে জেলার পাটগ্রাম উপজেলা বন্ধুসভার উদ্যোগে উপজেলার দুস্থ মানুষের মধ্যে ঢাকার তামান্না সোয়েটার ফ্যাক্টরির দেওয়া ৬০০ সোয়েটার বিতরণ করা হয়। গত শনি ও রোববার উপজেলার কুচলীবাড়ী, কামারেরহাট, জিমনাল, ঝালাঙ্গী পকেট, কলসী মুখ ও ডাংগির পাড় গ্রামে এ সোয়েটার বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। বিতরণকালে উপস্থিত ছিলেন পাটগ্রাম বন্ধুসভার সভাপতি তাহেরুল ইসলাম ও সদস্যরা, তামান্না সোয়েটার ফ্যাক্টরির পরিচালক মাজেদুর ও কারখানার কর্মীরা এবং প্রথম আলোর পাটগ্রাম প্রতিনিধি এ বি সফিউল আলম। সোয়েটার পেয়ে বৃদ্ধ এরশাদুল (৫৫) বলেন, ‘তোমরা কায় বাহে, ঠান্ডার সাজোঁত (সন্ধ্যায়) বডারোত আসিয়া মোক জামপার (সোয়েটার) দিয়া গাওখান (শরীর) কত দিন পর গরম করাইলেন।’মনিরামপুর (যশোর): প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত রোববার বেলা ১১টায় মনিরামপুর কলেজ মাঠে পৌর শহরের ৫০ জন দুস্থ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম ফারুকী প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর মনিরামপুর প্রতিনিধি নুরুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা অমলকান্তি চ্যাটার্জি, কলেজের শিক্ষক নিরঞ্জন দাস, ফিরোজা বুলবুল, পারভীন আক্তার, সাজেদুর রহমান, আহাদ আলী, সিরাজুল ইসলাম, বন্ধুসভার সভাপতি আশিকুর রহমান প্রমুখ। কম্বল হাতে নিয়ে মনিরামপুরের ৯০ বছরের অনুমতি মণ্ডল বলেন, ‘ইবারের জাঁড়ে (শীতে) মিলা কষ্ট পায়েছি। এই পত্তম (প্রথম) তোমরা এট্টা গরম কাপড় দিলে। যে কয়দিন বাঁচে থাকবানে, ভগবান তোমাগের মঙ্গল করবেনে।’ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল দুপুরে দরিদ্র শীতার্তদের মধ্যে ১০০ কম্বল বিতরণ করা হয়। ঈশ্বরদী বন্ধুসভার সহযোগিতায় উপজেলার ডাকবাংলো মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাক আহমেদ, কানাডাপ্রবাসী আনোয়ার হোসেন, সিসিডিবির আঞ্চলিক ব্যবস্থাপক নুরুল আলম, ক্লোজ-আপ ওয়ান তারকা রাশেদ, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম, বন্ধুসভার সভাপতি নওশাদ আলী, প্রথম আলোর ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক প্রমুখ। কম্বল পেয়ে দড়িনারিচা গ্রামের সুখজান বেগম বলেন, প্রচণ্ড শীতে কষ্ট করলেও কেউ এগিয়ে আসেনি। প্রথম আলোর কম্বল তাঁর এবারের শীতে কাজে লাগবে।