প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক পেলেন পরিবেশ পদক
‘পরিবেশ সংরক্ষণ পদক’ পেলেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস।
পাহাড় কাটা ও উপকূলীয় প্যারাবন নিধন, ফসলি জমিতে তামাক চাষ, তামাক চুল্লি ও ইটভাটা তৈরি এবং সংরক্ষিত বনাঞ্চলসহ জীববৈচিত্র্য ধ্বংস এবং পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণের ওপর প্রথম আলোয় আব্দুল কুদ্দুসের একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ায় ২০১২ সালের জন্য তাঁকে এ পদকে ভূষিত করা হয়।
কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে গতকাল বুধবার বেলা ১১টায় আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের এক আলোচনা সভায় পুরস্কারের ক্রেস্ট, সনদ ও সাত হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই পুরস্কার ঘোষণা করে।
জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ ও মহেশখালী পৌরসভার কাউন্সিলর মো. শাহাব উদ্দিনকে পদক দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, নেকমের জেলা কর্মকর্তা মো. শফিকুর রহমান প্রমুখ। সরদার শরীফুল ইসলাম বলেন, পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তিদের বাছাই করতে সরকারিভাবে একটি কমিটি গঠন করা হয়। তা ছাড়া সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রচার করা হয়। আগামীতেও এই যাত্রা অব্যাহত থাকবে।