প্রথম আলোর কাছে আমরা অনেক কিছু চাই

খুলনার আঞ্চলিক ইস্যু নিয়ে প্রথম আলোর খবর বাড়ানো যায় কি না? প্রথম আলোয় বিনোদন সংবাদে অনেক তুচ্ছ বিষয় কোনো প্রকাশ করা হচ্ছে। ঢাকার বাইরের সংস্কৃতির খবরের জন্য বেশি জায়গা রাখা যায় কি না। খুলনার বেশির ভাগ শিল্প-কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে বিশেষ কিছু করা যায় কি না।
এমন নানা প্রশ্ন আর সুধীজনদের কথায় জমজমাট হয়ে ওঠে খুলনার সুধী সমাবেশ। আজ রোববার পৌষের পড়ন্ত বিকেলে প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা নগরের সিএসএস আভা সেন্টারে আয়োজন করা হয়েছিল এই সমাবেশের।

প্রাণবন্ত ওই অনুষ্ঠানে খুলনার পাঠকেরা প্রথম আলোকে আরও সাহসী প্রতিবেদন করার পরামর্শ দেন। একই সঙ্গে অন্যায় ও অনাচারের বিরুদ্ধে প্রথম আলোর সাহসী অগ্রযাত্রা অব্যাহত রাখায় ধন্যবাদ জানান। তাঁরা খুলনার আরও বেশি সংবাদ বড় পরিসরে পরিবেশনের ওপর তাগিদ দেওয়ার অনুরোধ করেন।
ওই মিলনমেলায় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, নারীনেত্রী, জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিত্সক, আইনজীবী, গণমাধ্যমকর্মী, সংস্কৃতিকর্মী, এনজিও ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ নগর ও জেলার বিভিন্ন ক্ষেত্রের অন্তত ৪০০ জন মানুষ উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর খুলনা প্রতিনিধি শেখ আল-এহসান। এরপর প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত তথ্যচিত্র ‘সাত সাহসী’ দেখানো হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
সমাবেশে মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখছে। আগামী দিনে প্রথম আলো নতুন আঙ্গিকে রঙিন পাতা নিয়ে আঞ্চলিক খবর প্রকাশ করবে। এ অগ্রযাত্রায় খুলনার মানুষকে পাশে চায় প্রথম আলো।’

মতিউর রহমান বলেন, ‘আমরা উৎসাহ পাই তরুণ প্রজন্মের কাছে, যারা দেশকে প্রতিনিয়ত এগিয়ে নিচ্ছে। উৎসাহ পাই অতীতের সাহসী ইতিহাস থেকে। আর কোটি মানুষের এগিয়ে যাওয়ার সাহস আমাদের এগিয়ে নেয়। স্বাধীনতার ৪৭ বছর পরও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলতে হয়। নানা চাপের মধ্যেও আমরা আমাদের আদর্শ থেকে সরব না, সরে আসব না, আমরা সরে আসার কথা চিন্তাও করি না।’ তিনি বলেন, ‘আমরা চাই, আগামী নির্বাচনে সব দল অংশ নেবে। একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করবে।’
অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ‘আজকের সময়ের সবচেয়ে সাহসী পত্রিকা প্রথম আলোর কাছ থেকে আমরা অনেক কিছু চাই। তবে সমাজে যদি উগ্রবাদ নির্মূল না করা যায়, তবে এই সমাজের অগ্রগতি থেমে যাবে। উগ্রবাদী মনোভাব কমানোর জন্য প্রথম আলো তাদের লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভীতির কারণে সমাজে সংকট তৈরি হয়। সংবাদমাধ্যম নৈতিকতার জায়গা স্মরণ করিয়ে দিলে ভীতি কেটে যাবে। তিনি বলেন, খুলনাসহ উপকূলীয় অঞ্চলে সমস্যা ও সম্ভাবনা দুই-ই আছে। যদি এসব অঞ্চলের জন্য উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করা যায় তবে এ অঞ্চলের সম্ভাবনাকে কার্যকর করা যাবে। প্রথম আলো এ নিয়ে কার্যকর ভূমিকা নিতে পারে। এ ছাড়া প্রথম আলো উপকূলের নানা সমস্যা ও সম্ভাবনা আরও বড় পরিসরে তুলে ধরে এই অঞ্চলের উন্নয়নকে গতি দিতে পারে।
খুলনা-১ আসনের সাবেক সংসদ ননী গোপাল মণ্ডল বলেন, ‘প্রথম আলোর সাহসী ভূমিকায় আমরাও সাহসী হই। আমরা স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু নয়, মানুষ হিসেবে বাঁচতে চাই। তারপরও ধর্মান্ধ গোষ্ঠীর তৎপরতা মাঝেমধ্যে ভাবিয়ে তোলে, ভীত করে দেয়। সব ধর্মের মানুষের মনে সাহস জোগানোর জন্য প্রথম আলো সব সময় পাশে থাকবে বলে প্রত্যাশা করি।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তমা চৌধুরী বলেন, বর্তমান সময়ের তরুণ প্রজন্ম অনেক হতাশায় ভুগছে। তাঁরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। অনেকে উগ্রপন্থা বেছে নিচ্ছে। মাদক, যৌতুক বাল্যবিবাহ নিয়ে প্রথম আলো যেমন বড় পরিসরে কাজ করে। তেমনি তরুণ প্রজন্মকে সংস্কৃতি, সাহিত্য এবং ভালো কাজের মধ্যে ফেরাতে প্রথম আলো আরও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পাঠকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মণ্ডল ও খুলনা আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, খুলনা নগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পপলু, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন, খুলনা বি এল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অশোর কুমার ঘোষ, পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক হাবিবুল হক খান, বিআরটিএ-খুলনার উপ পরিচালক জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার বি সার্কেল সজীব খান, প্যানেল মেয়র রুমা খাতুন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান, খুলনা বন্ধুসভার সভাপতি অধ্যাপক রমা রহমান প্রমুখ। পরে সংগীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়।
পুরো অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রথম আলো খুলনা বন্ধুসভার সদস্যরা।