নেতিবাচক অনেক ঘটনা আছে, আছে অনিয়ম-দুর্নীতি। কিন্তু সাহসী সাংবাদিকতার অভাবে সেগুলো জানতে পারছে না পাঠক। আবার বগুড়াসহ উত্তরাঞ্চলে অনেক সম্ভাবনাময় শিল্প, কৃষি উৎপাদনসহ নানা ইতিবাচক কাজ হচ্ছে, সেগুলোও তেমন গুরুত্ব পায় না সংবাদপত্রে। ইতিবাচক- নেতিবাচক উভয় ধরনের সংবাদ গুরুত্বসহ যাতে প্রকাশ পায় সে বিবেচনায় প্রথম আলোর কাছে পাঠক সমাজের প্রত্যাশা অনেক।
প্রথম আলোর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের একটি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এমন প্রত্যাশার কথা বলেছেন বগুড়ার পাঠক, শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনেরা। উত্তরাঞ্চলের পাঠকদের হাতে ভোরে প্রথম আলোর পৌঁছে দিতে বগুড়ায় স্থাপিত ছাপাখানা থেকে পত্রিকা ছাপা শুরু করা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় শিল্প উদ্যোক্তা, শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উন্নয়নকর্মী, ব্যবসায়ী নেতা, নারীনেত্রী, সাংবাদিকসহ পেশাজীবীরা নিজ নিজ ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সভার শুরুতেই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো শুরু থেকেই দলনিরপেক্ষ ও সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সেরা দৈনিকের আসন ধরে রেখেছে। সেরা কাগজ হওয়ায় এ দৈনিকটির প্রতি পাঠকের প্রত্যাশাও অনেক। পাঠক আরও ভালো খবর চান।’
মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশের অনেক অর্জন রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এ দেশ ভারতের চেয়েও এগিয়ে গেছে বলে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আমর্ত্য সেন বিভিন্ন সময় মন্তব্য করেছেন। খাদ্য উৎপাদন ও বৈদেশিক মুদ্রা অর্জনেও আমাদের সফলতা আলোচিত বিষয়।’
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ওসমান গনি বলেন, প্রথম আলো সেরা কাগজ হওয়ার কারণে পাঠক হিসেবে প্রত্যাশা অনেক। ভালো সংবাদ পরিবেশনের জন্য প্রথম আলোকে সাহসী সাংবাদিকতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলাশ খন্দকার বলেন, বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের খবর তেমন ছাপা হয় না। এখানকার সাংস্কৃতিক অঙ্গনের খবরাখবর নিয়ে আলাদা পাতা বের করা দরকার।
বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ বলেন, একই ঘটনার খবর সব কাগজেই ছাপা হয়। কিন্তু পাঠক খোঁজে প্রথম আলো কী ছেপেছে। প্রথম আলোর প্রতি গভীর আস্থার কারণেই পাঠক এটা করে।
শিক্ষাবিদ মোস্তাফিজার রহমান বলেন, প্রথম আলো অনেক সামাজিক বিষয় নিয়ে কাজ করে। আগামী দিনে শিক্ষা, শিক্ষক ও তরুণদের নিয়ে কাজ করা দরকার।
আলোচনায় উঠে আসে কিছু স্থানীয় দাবিও। ফোরাম অব এগ্রিকালচারাল মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং জোন-এর সভাপতি গোলাম আজম বলেন, বগুড়ার হালকা প্রকৌশল শিল্প এগিয়ে নিতে আলাদা শিল্পাঞ্চল দরকার।
সমাজকর্মী ববিতা রানী বর্মণ বলেন, দাতাদের দেওয়া অর্থ স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কীভাবে ব্যয় করছে, সেটা নিয়ে খোঁজ করা দরকার।
বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বামমা) সভাপতি সরকার বাদল বলেন, বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি কেবল দাবিই রয়ে গেল।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, নেতিবাচক সংবাদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নিয়ে সচিত্র প্রতিবেদন করা দরকার।
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক বলেন, সেরা ও ভালো পত্রিকার মালিক-সম্পাদক হলেও বিপদ অনেক। যাঁরা হয়েছেন তাঁরাই এর জ্বালা বোঝেন। সঠিক ও দলনিরপেক্ষ খবর পদে পদে বিড়ম্বনার সৃষ্টি করে। সরকারের বিরাগভাজন হতে হয়।
সাংবাদিক চপল কান্তি সাহা বলেন, প্রথম আলোর অনেক ভালো সংবাদ অনুসরণ করে টেলিভিশন সাংবাদিকেরা প্রতিবেদন করেন। প্রথম আলো ভালো প্রতিবেদনের মডেল।
উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (উফেসাপ) সভাপতি তৌহিদুর রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান, সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, সাংবাদিক হাসিবুর রহমান ও নাছিমা সুলতানা বিভিন্ন পরামর্শ দেন।
প্রথম আলোর সম্পাদক সমাজের সর্বস্তরের মানুষের পরামর্শে একটি সুন্দর সমাজ ও শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের যোগ্য হয়ে গড়ে ওঠার তাগিদ দেন।
সভা সঞ্চালন করেন প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমান।