প্রথম আলোর কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা গতকাল প্রথম আলো কার্যালয় পরিদর্শনে এসে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন l প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা গতকাল প্রথম আলো কার্যালয় পরিদর্শনে এসে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন l প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের প্রথম আলোর নির্মিত অধিনায়ক ও নায়কেরা এবং ঘোড়সওয়ার নামের দুটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অধিনায়ক ও নায়কেরা প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথম আলোয় প্রকাশিত সমাজের বিভিন্ন পর্যায়ের চার নায়ককে নিয়ে তাঁর অনুভূতির কথা জানান। আর ঘোড়সওয়ার হলো নওগাঁর তাসমিনা নামের এক কিশোরীর গল্প।
পাশাপাশি প্রথম আলো এবং এর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নির্মিত আরেকটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।
শিক্ষার্থীরা সাংবাদিকতা পেশার ভবিষ্যৎ, সংবাদপত্রের সামাজিক দায়বদ্ধতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, ডিজিটাল মিডিয়ার যুগে ছাপা পত্রিকার সমস্যা, সুসাংবাদিকতার ক্ষেত্রে বাধা ইত্যাদি নানা বিষয়ে জানতে চান।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমিন এবং বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান এবং প্রভাষক আসাদুজ্জামান।
ডিজিটাল মিডিয়ার যুগে ছাপা সংবাদপত্রের ভবিষ্যৎ হুমকির মুখে কি না—এমন এক প্রশ্নের জবাবে সাজ্জাদ শরিফ বলেন, সাংবাদিকতা নতুন যুগে প্রবেশ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম তথ্য ও গুজব ছড়াচ্ছে। কিন্তু মানুষ সঠিক তথ্য জানতে চায়। তাই সঠিক, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই ছাপা পত্রিকা টিকে থাকবে।
শিক্ষার্থীদের আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, প্রথম আলোর শক্তি হচ্ছে এর বিপুলসংখ্যক পাঠক। এই পাঠকের শক্তিতেই প্রথম আলো সত্য প্রকাশে সাহস ও প্রেরণা পায়।
মফিজুর রহমান বলেন, তরুণ শিক্ষার্থীদের সাংবাদিকতা পেশা সম্পর্কে জানাতে এবং এই পেশার প্রতি আগ্রহী করে তুলতে তাঁরা গণমাধ্যম কার্যালয় পরিদর্শনের উদ্যোগ নিয়েছেন।