প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধির বাসায় চুরি
প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসানের বাসায় চুরি হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সোয়া নয়টার মধ্যে কুষ্টিয়া শহরের থানাপাড়ার রামগোপাল মজুমদার লেনে এ ঘটনা ঘটে। তৌহিদী হাসান সেখানে একটি ভাড়া বাসায় থাকেন।
তৌহিদী হাসান জানান, তাঁর শয়নকক্ষ থেকে প্রথম আলোর অফিসের কাজে ব্যবহূত ল্যাপটপটি খোয়া গেছে। ওই সময় তাঁর বাসায় কেউ ছিলেন না। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসায় তালা দিয়ে বাইরে বের হন। সোয়া নয়টার দিকে তালা খুলে বাসায় শয়নকক্ষে আলো জ্বালাতেই বিছানার চাদর উলট-পালট দেখতে পান। পরে তিনি দেখতে পান, বিছানার ওপর রাখা ল্যাপটপটি নেই। এ সময় খাটের পাশের জানালাটির কাচ ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পরপরই কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিককে জানান তৌহিদী। পরে পুলিশ সুপার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেককে তাঁর বাসায় পাঠান।
জানতে চাইলে আবদুল খালেক বলেন, তাঁর শয়নকক্ষের জানালার একটি অংশ ভাঙা ছিল। সে অংশ দিয়ে শয়নকক্ষের চাদর টেনে বিছানার ওপর থাকা ল্যাপটপটি চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ধরতে রাতেই অভিযান চালানো হবে বলে জানান তিনি।