প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধির বাসায় চুরি
প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসানের বাসা থেকে একটি ল্যাপটপ চুরি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সোয়া নয়টার মধ্যে কুষ্টিয়া শহরের থানাপাড়ার রামগোপাল মজুমদার লেনের ওই ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
তৌহিদী জানান, তাঁর শোবার ঘর থেকে ল্যাপটপটি খোয়া গেছে। ওই সময় তাঁর বাসায় কেউ ছিলেন না। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসায় তালা দিয়ে তিনি বাইরে বের হন। রাত সোয়া নয়টার দিকে ফিরে তালা খুলে তিনি শোবার ঘরে ঢুকেই দেখতে পান বিছানার চাদর এলোমেলো, বিছানার ওপর রাখা ল্যাপটপটি নেই। এ সময় খাটের পাশের জানালার কাঁচ ভাঙা অবস্থায় পাওয়া যায়। পরে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেন।
আবদুল খালেক বলেন, তাঁর শয়নকক্ষের জানালার একটি অংশ ভাঙা ছিল। সেই অংশ দিয়ে শয়নকক্ষের চাদর টেনে বিছানার ওপর থাকা ল্যাপটপটি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে তৌহিদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।