প্রথম আলো গণমানুষের পত্রিকা। তাই পত্রিকাটিতে সুবিধাবঞ্চিত মানুষের কথা আরও বেশি চাই। প্রথম আলোর খবরের ওপর পাঠক অনেকাংশে নির্ভরশীল। বস্তুনিষ্ঠতার দিক থেকে প্রথম আলোকে সব সময় এগিয়ে থাকতে হবে।খুলনা ও পটুয়াখালীতে গতকাল বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যক্তি, পাঠক ও শুভানুধ্যায়ীরা এসব কথা বলেন। অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। আমাদের আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:খুলনা: মহানগরের একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমরা প্রথম আলোর খবরের ওপর অনেকাংশে নির্ভরশীল।’ তিনি সুন্দরবন নিয়ে আরও বেশি সংবাদ পরিবেশনের দাবি জানান। ঘূর্ণিঝড় আইলা-দুর্গতদের বর্তমান অবস্থা নিয়ে আরও বেশি প্রতিবেদন প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম। খুলনার জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার প্রথম আলোতে খুলনা অঞ্চলকে গুরুত্ব দিয়ে আরও খবর প্রকাশের দাবি জানান।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আলমগীর আরও বেশি ইতিবাচক খবর তুলে ধরার আহ্বান জানান। খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র মেহেদী হাসান অর্থনীতিবিষয়ক ক্রোড়পত্র প্রকাশের অনুরোধ করেন।আইনজীবী ফিরোজ আহম্মেদ বলেন, প্রথম আলোকে ভালো কাজ শুরু করে দিলেই হবে না, যত দিন খারাপ দূর না হয়, তত দিন ভালো কাজের সঙ্গে থাকতে হবে। অনুষ্ঠানে পাঠক ও শুভানুধ্যায়ীদের নানা প্রশ্ন ও বক্তব্যের জবাবে প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘আপনাদের পরামর্শ নিয়ে প্রথম আলো আরও সামনে এগিয়ে যাবে। প্রত্যেকের মতামতকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান।পটুয়াখালী: শহরের এসডিএ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘আমরা অনলাইনে আরও আগে প্রথম আলো পড়তে চাই।’ পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওবায়েদুল কবির বলেন, স্বাস্থ্য সমস্যা নিয়ে সাধারণ মানুষের জন্য আরও সাবলীল ভাষায় লেখা চাই। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এম এ খালেক বলেন, গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রথম আলোর শিক্ষা বৃত্তির পরিধি আরও বাড়ানো দরকার।অধ্যক্ষ নুরেজ্জামান খান বলেন, আনন্দ পাতায় দেশি সংস্কৃতির দিকে গুরুত্ব দেওয়া উচিত।আইনজীবী জহরলাল চক্রবর্তী বলেন, সিডর ও আইলা-পরবর্তী দুর্গত মানুষের জন্য প্রথম আলো যে উদ্যোগ নিয়েছে, তা অব্যাহত রাখতে হবে। কৃষিবিষয়ক আলাদা পাতা বের করার আহ্বান জানান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আবেদীন। অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান বলেন, ‘আপনাদের পরামর্শ ও মতামত প্রথম আলোর এগিয়ে যাওয়ায় সহায়ক হবে। আমরা মনে করি, পত্রিকার মূল চালিকাশক্তি হলো পাঠক।’অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস।