প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয় পরিদর্শনে মন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের পাঁচলাইশ এলাকার এ এস টাওয়ারে অবস্থিত প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রথম আলোর সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্ত্রীকে চট্টগ্রাম কার্যালয়ে স্বাগত জানান প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার ও জ্যেষ্ঠ প্রতিবেদক একরামুল হক।
মন্ত্রী ওবায়দুল কাদের প্রথমা প্রকাশনের প্রকাশিত বিভিন্ন বই নিয়ে আলোচনা করেন। প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় প্রকাশিত কয়েকটি নিবন্ধ নিয়ে আলোচনা করেন ও প্রশংসা করেন।
গতকাল পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। এর আগে মন্ত্রী ওবায়দুল কাদের একই ভবনের রাইসা মাহবুব নামের একটি বুটিক হাউসের উদ্বোধন করেন।