প্রথম আলোর চট্টগ্রামের জ্যেষ্ঠ প্রতিবেদককে টেলিফোনে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক একরামুল হককে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে। নিজেকে কায়সার পরিচয় দিয়ে অজ্ঞাত স্থান থেকে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে টেলিফোন করে তাঁকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গতকাল বুধবার তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল সকালের দিকে কায়সার পরিচয় দিয়ে লোকটি প্রথম আলোর জামালখান রোডের কার্যালয়ে ফোন করে একরামুল হকের বাসার ঠিকানা জানতে চান। ফোনটি রিসিভ করেন অফিস সহকারী মো. বেলায়েত হোসেন। তিনি বাসার ঠিকানা বলতে অপারগতা প্রকাশ করলে ওই লোক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে দেখে নেওয়ার হুমকি দেন। প্রসঙ্গত, গতকাল প্রথম আলোয় চট্টগ্রামে পুলিশের একজন তালিকাভুক্ত সন্ত্রাসীকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এর পরই গতকাল তাঁকে হুমকি দেওয়া হলো।