প্রথম আলোর চরে সেমাই চিনি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কামাই করার লোক নাই। দুকনা বেটির বিয়াও দিবার পারি না ট্যাকার অভাবে। হামার আবার ঈদ কিসের বাহে। তোমার অছুলায় প্রত্যেক ঈদোত সেমাই খাই।’ প্রথম আলোর দেওয়া সেমাই-চিনি পেয়ে এসব কথা বলেন কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরের নাকফুল বেওয়া। প্রথম আলো চর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত শুক্রবার ঈদ উপলক্ষে চার শ পরিবারের মধ্যে প্রথম আলো ট্রাস্টের সহায়তায় সেমাই, চিনি ও দুধ দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন চরের বাসিন্দা আবদুর সোবান, ফজলার রহমান, আবদুল আউয়াল ও লোকমান হোসেন, কুড়িগ্রাম বন্ধুসভার সংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, প্রথম আলোর সহসম্পাদক ফেরদৌস ফয়সাল, বেসরকারি সংস্থা গ্রিন ওয়াল্ডের হেদায়েতুল ইসলাম ও নাজমুল হক এবং কুড়িগ্রামে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সফি খান। চিনি-সেমাই পেয়ে হাসিনা বেগম বলেন, ‘খুব উপকার করলেন বাহে। চিনি-দুধ-সোমাই নিয়া রাখি দেম। ঈদের দিন খাম।’ বয়সের ভারে নুয়ে পড়েছেন পনের উদ্দিন। ছেলেরা থাকেন পৃথক। এখনো তাঁকে কাজ করে খেতে হয়। তিনি বলেন, ‘বাহে ঠিক মতো কাজ করতে পারি না। ভালোমন্দ খাবার পাই না। তোমরা কোরবানির ঈদে গরু জবাই করে গোস্ত দেন, এই ঈদে সেমাই দেন তাই খাই।’