প্রথম আলোর জরিপ নিয়ে জাপার প্রতিক্রিয়া
প্রথম আলোয় গত বৃহস্পতিবার প্রকাশিত জনমত জরিপের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) গবেষণা ও কৌশল নির্ধারণ শাখা (জেপিআরএসডব্লিউ)। তাদের দাবি, জাপার জনপ্রিয়তা প্রথম আলোর জরিপের চেয়ে প্রায় দ্বিগুণ।
জেপিআরএসডব্লিউর প্রধান ও এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ গতকাল শনিবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। প্রথম আলোর জনমত জরিপকে স্বাগত জানিয়ে তিনি দাবি করেন, জাপার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গত বছরের নভেম্বর থেকে এ বছরের মে মাস পর্যন্ত তাদের পরিচালিত সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে ১২ ভাগ মানুষ জাপাকে সমর্থন করে।
বিবৃতিতে বলা হয়, জরিপের প্রক্রিয়া নির্ভুল না হলে তার ফলাফল জনগণের মাঝে ভুল ধারণা সৃষ্টি করতে পারে, জাতীয় পার্টির ক্ষেত্রে তা ঘটেছে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে প্রথম আলোর জরিপেও জাপার জনসমর্থন ১১ দশমিক ৮ ভাগ ছিল। প্রথম আলোর সর্বশেষ জরিপে দেখা যায়, দলটি জনসমর্থন ৭ ভাগে নেমে এসেছে।