প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি সন্ত্রাসী হামলায় আহত
প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে টাঙ্গাইল শহরের সাহাপাড়া এলাকায় তিনি এই হামলার শিকার হন। হামলায় তাঁর ভাতিজা সুদীপ্ত সাহা ও গাড়িচালক মেরাজুল ইসলামও আহত হন।
সুদীপ্ত সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে বাজিতপুরে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে তাঁর গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে ট্রাকচালকের সঙ্গে সুদীপ্ত ও মেরাজুলের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে কামনাশীষ শেখর ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় যুবক রেজা ও প্রিন্সের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা কামনাশীষের মাথা, কাধ ও চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করে এবং তাঁর মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মোর্শেদ আলম জানান, শেখরের মাথার পেছনের আঘাতটি গুরুতর। পিঠ ও মুখমণ্ডলেও আঘাতের চিহ্ন রয়েছে, নাক দিয়ে রক্ত ঝরছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
হাসপাতালের সহকারী পরিচালক নুর মোহামঞ্চদ বলেন, মাথায় আঘাতের কারণে কামনাশীষকে আট ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কামনাশীষের ওপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার সালেহ মোহামঞ্চদ তানভীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান, সদর হাসপাতালের সহকারী পরিচালক নুর মোহাম্মদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে হাসপাতালে দেখতে যান।
টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশের দুটি দল মাঠে নামানো হয়েছে।
হামলার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবে গতকাল প্রতিবাদ সভা হয়েছে। প্রেসক্লাব সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শামসাদুল আখতার, জাফর আহমেদ প্রমুখ। বক্তারা এই হামলার তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সভায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।