প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর ও তাঁর ভাইপো সুদীপ্ত সাহা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুজনকেই টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও তাঁর পারিবারিক সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সুদীপ্ত সাহা ব্যক্তিগত গাড়িতে করে টাঙ্গাইল থেকে বাজিতপুর যাচ্ছিলেন। পথে সাহাপাড়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে সুদীপ্ত, তাঁদের গাড়িচালক ও ট্রাকচালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাকচালকসহ ওই এলাকার রেজা ও প্রিন্স নামের আরও দুজন তাঁদের ওপর চড়াও হন এবং শারীরিক নির্যাতন করেন। খবর পেয়ে কামনাশীষ শেখর ওই স্থানে গিয়ে ঘটনাটি রেজা ও প্রিন্সের কাছে জানতে চান। সঙ্গে সঙ্গে পেছন থেকে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর মাথায় আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।