প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধির মুখে অস্ত্রোপচার
প্রথম আলোর রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল ইসলাম মিয়ার মুখের ভেতরে অস্ত্রোপচার করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর ভেঙে যাওয়া চোয়াল প্রতিস্থাপন করে দিয়েছেন।চিকিৎসকদের মতে, সুস্থ হতে তাঁর কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে। তাঁকে কারও সঙ্গে কথা বলতেও নিষেধ করে দিয়েছেন তাঁরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের চিকিৎসক এস এম আশরাফুল হায়াত জানান, প্রচণ্ড আঘাতের কারণে রহিদুল ইসলামের চোয়ালের দুই জায়গায় ভেঙে যায়। অস্ত্রোপচারের মাধ্যমে দাঁতগুলো তার দিয়ে বেঁধে এবং ভেঙে যাওয়া চোয়াল প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত বুধবার উপজেলার মেনানগর গ্রামে আহমদিয়া মুসলিম জামায়াতের একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করা হলে রহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে যান। সেখানে তিনি উচ্ছৃঙ্খল জনতার মারপিটের শিকার হন।