প্রথম আলোর ত্রাণ পেল আরও ১০০ পরিবার
ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের দুটি গ্রামের ক্ষতিগ্রস্ত আরও ১০০ পরিবারের মধ্যে গতকাল শুক্রবার দুপুরে চাল, ডাল, আলু ও লবণ বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের সহায়তায় বন্ধুসভার সদস্যরা এসব বিতরণ করেন।
বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী ও পালের বালিয়াতলী রাখাইন পল্লির ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রথম আলোর খাদ্যসহায়তা পাওয়ার পর ক্ষতিগ্রস্ত সফুরান বিবি (৭০) বলেন, ‘ঘর-দুয়ার বইন্নায় গ্যাছে, প্যাডে খাওন নাই, চাইর দিকে পানি। ক্যামনে বাইচ্চা আছি কইতে পারি না। এতগুলা দিন গেল কেউ এক মুঠ চাউল দেয় নাই। আমনেরাই পেরথম দেলেন। আইজ দুগ্গা ডাইল-ভাত খাইতে পারমু।’
বরগুনায় মহাসেনে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার লক্ষ্যে বন্ধুসভার দুটি দল সাত দিন ধরে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। গতকাল পর্যন্ত ৯৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসহায়তা ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।