প্রথম আলোর দিকে তাকিয়ে থাকে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মানুষ প্রথম আলোর দিকে তাকিয়ে থাকে। প্রচারসংখ্যা বেশি হওয়ায় তার কাছে মানুষের প্রত্যাশাও বেশি, দায়িত্বও বেশি। তাই প্রথম আলোকে আরও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। সমাজ পরিবর্তনে আরও শক্ত ভূমিকা পালন করতে হবে। অন্যায় এবং অনৈতিকতার সঙ্গে কখনো আপস করা যাবে না। বরিশাল, রাজশাহী ও সাতক্ষীরায় গতকাল বুধবার প্রথম আলো আয়োজিত মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যক্তি, পাঠক ও শুভানুধ্যায়ীরা এসব কথা বলেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর: রাজশাহী: নগরের একটি হোটেলে গতকাল বিকেলে মতবিনিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রভাষক উদয় শংকর বিশ্বাস বলেন, ‘শুক্রবারের সাহিত্য সাময়িকীতে কিছু নির্ধারিত লেখকের লেখা ছাপা হয়, এটা আমাদের কাম্য নয়।’ তিনি তরুণ লেখকের লেখা ছাপার জন্য অনুরোধ জানান। খানিকটা দ্বিমত পোষণ করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতানা মুস্তাফা নতুন লেখক হিসেবে তাঁর বেশ কয়েকটি লেখা প্রথম আলোতে ছাপা হওয়ার কথা উল্লেখ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মনজুর হোসেন বিজ্ঞানের জন্য জায়গা বাড়ানোর দাবি জানান। ব্যবসায়ী ফেরদৌস ওয়াহিদ শেয়ারবাজারের খবর বেশি দিতে বলেন।সংস্কৃতিকর্মী রাশেদ আরেফিন বলেন, ‘আলোকিত উত্তর’ সারা দেশেই যাওয়া উচিত। রাজশাহী বেতারের অনুষ্ঠান ঘোষক আবদুর রোকন খেলার খবরের জায়গা বাড়ানোর জন্য অনুরোধ করেন। সপুরা সিল্ক মিলস লিমিটেডের মালিক সদর আলী উচ্চমাধ্যমিক পর্যায়েও অদম্য মেধাবীদের আর্থিক সুবিধা দেওয়ার আবেদন জানান। অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর মঞ্চে আসেন প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ, জাপান রেডিওর বাংলা বিভাগের সাবেক ভাষা বিশেষজ্ঞ হাসান মীর ও ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। সাজ্জাদ শরিফ বলেন, তিনি সবার কথা নিয়ে ঢাকায় গিয়ে বলবেন। সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব করবেন।সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় সাবেক প্রতিমন্ত্রী আফতাবুজ্জামান জেলার সম্ভবনাময় চিংড়িশিল্প, সুন্দরবন, ভোমরা বন্দর নিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, প্রথম আলো সব সময় সত্যকে তুলে ধরে। তবে অনেক খবর প্রকাশিত হয় না। গুরুত্ব পায় না মফস্বলের সংবাদ। তিনি গ্রামাঞ্চলের ইতিবাচক খবর গুরুত্ব প্রকাশের দাবি জানান। সাতক্ষীরা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুস্তফা লুৎফুল্লাহ বলেন, প্রথম আলোর পাঠকপ্রিয়তা সবার ওপরে। এ জন্য অন্য পত্রিকার সঙ্গে অশুভ প্রতিযোগিতায় যাওয়া যাবে না। তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে।ইলিকজার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, ‘মাঝেমধ্যে মনে হয় প্রথম আলো চায় ছাত্ররাজনীতি বন্ধ হয়ে যাক। কিন্তু এ কথা মনে রাখতে হবে, ছাত্ররাজনীতি বন্ধ হয়ে গেলে গণতান্ত্রিক চর্চা বিঘ্নিত হয়। তবে প্রথম আলো যদি ছাত্ররাজনীতির নামে অপরাজনীতির বিপক্ষে দাঁড়ায়, তবে সাধুবাদ জানাব।’ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান বলেছেন, প্রথম আলো আইলার সময় এ অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে। কলেজছাত্রী সাজিয়া আফরিন বলেন, প্রথম পাতায় হতাশামূলক খবর পড়তে ভালো লাগে না। ‘নকশা’কে বলা হয় একুশ শতকের জীবনধারা। কিন্তু তাতে গ্রামবাংলার মধ্যবিত্ত পরিবারের জীবনধারা সম্পর্কে কিছু লেখা হয় না। পাঠক ও শুভানুধ্যায়ীদের এসব বক্তব্যের জবাবে প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে পাঠকদের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার কথা জানতে। পাঠকদের ভালো লাগা না-লাগার প্রতি গুরুত্ব রয়েছে সব সময়। পাঠকদের এসব কথা আমাদের নীতিনির্ধারক মহলে আলোচনা করে বাস্তবায়ন করার চেষ্টা করা হবে।’মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।বরিশাল: বরিশাল আবদুল খালেক খান গণপাঠাগার ও খেয়ালী মিলনায়তনে মতবিনিময় সভায় সিটি মেয়র শওকত হোসেন বলেন, ‘আমরা প্রথম আলোর কাছে কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রতিবেদন আশা করি।’ বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল বলেন, ‘প্রথম আলো যত দিন বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চিন্তা থেকে পত্রিকা প্রকাশ করবে, তত দিন আমরা এর সঙ্গে থাকব।’ সাবেক যুগ্ম সচিব মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রথম আলোর যেমন ১১ বছর পূর্ণ হয়েছে, পাঠক হিসেবে আমিও ১১ বছর এর সঙ্গে আছি। আমি মনে করি, পাঠকের সঙ্গে আরও যোগাযোগ বাড়াতে হবে।’চিকিৎসক মিজানুর রহমান বলেন, ‘আমি বিশ্বাস করি, একটা দৈনিক পত্রিকা সমাজকে বদলে দিতে পারে, পারে জাতিকে বদলে দিতে। প্রথম আলো সেই বদলের কাজ করছে নিঃসন্দেহে।’ পাঠক-শুভানুধ্যায়ীদের নানা প্রশ্নের জবাব দেন সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান। তিনি বলেন, ‘প্রথম আলো সারা দেশে পাঠকদের পরামর্শ ও অকুণ্ঠ সমর্থন নিয়ে এ পর্যন্ত এসেছে। আমরা মনে করি, পত্রিকার মূল হলো পাঠক, তাই আমরা পাঠকের সঙ্গে সরাসরি কথা বলার জন্য এসেছি।’ মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান। সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার বন্ধুরা।