প্রথম আলোর দুই কর্মী ছিনতাইকারীর কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুড়িল উড়ালসেতুর কাছে গত মঙ্গলবার গভীর রাতে প্রথম আলোর দুই কর্মী ছিনতাইকারীর কবলে পড়েন। এর মধ্যে প্রথম আলোর সহ-সম্পাদক মাহবুব আলমকে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে মুঠোফোন, টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় প্রথম আলোর সহকারী গ্রাফিক্স ডিজাইনার আওরঙ্গজেবের মানিব্যাগটিও তারা ছিনিয়ে নেয়।
মঙ্গলবার রাত দুইটার দিকে তাঁরা কারওয়ান বাজার কর্মস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। কুড়িল উড়ালসেতু দিয়ে নামতেই সাদা রঙের একটি কার আড়াআড়ি করে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। একপর্যায়ে কার থেকে নেমে তিন ছিনতাইকারী অটোরিকশায় হামলা চালালে সেটি ক্ষতিগ্রস্ত হয়।
ছিনতাইকারীরা মাহবুবের ডান হাতে ছুরি মেরে তাঁর কাছ থেকে একটি মুঠোফোন, এক হাজার টাকা ও কালো রঙের একটি হাতব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। অস্ত্রের মুখে তারা আওরঙ্গজেবের মানিব্যাগটি ছিনিয়ে নেয়, তাতে সাড়ে তিন হাজার টাকা ছিল।
মাহবুব জানান, ছিনতাইকারীদের সবার বয়স ১৮ বছরের কাছাকাছি হবে। ছিনতাইয়ের পর তারা কারটি নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে পালিয়ে যায়।
যোগাযোগ করা হলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।