প্রথম আলোর দুই সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি
চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন প্রথম আলোর দুই সাংবাদিক। মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক আজ সোমবার এক রায়ে তাঁদের অব্যাহতি দেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দাউদ আলী প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অরূপ রায় ও মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ২০১৩ সালের ১ জানুয়ারি মানিকগঞ্জ বিচারিক হাকিমের আদালত-৪-এ মামলা করেন। এ মামলায় তিনজনকে সাক্ষী করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য সাটুরিয়া থানাকে নির্দেশ দেন। তদন্ত শেষে সাটুরিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নিজামুল হক ওই বছরের ১৫ এপ্রিল মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রতিবেদন দাখিল করেন।
গত বছরের ২৩ জুলাই মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। পরবর্তী সময় মামলার কার্যক্রম পরিচালনার জন্য ওই আদালত থেকে মামলাটি চলতি বছরের ২১ জানুয়ারি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। মামলার শুনানিকালে বাদী তথা রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম আজ এক রায়ে দুই সাংবাদিককে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেন।
প্রথম আলোর পক্ষে মামলা পরিচালনা করেন মানিকগঞ্জ বারের আইনজীবী মহিউদ্দিন স্বপন, হুমায়ুন কবির, মাসুদুল হক ও মতিউর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নূর মোহাম্মদ।
আইনজীবী মহিউদ্দিন স্বপন বলেন, প্রথম আলোতে প্রকাশিত সংবাদের জের ধরে মামলাটির উদ্ভব হয়। মামলার শুনানিতে সাক্ষীদের অনুপস্থিতি এবং রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় মামলা থেকে দুজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।