প্রথম আলোর দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল ইসলাম মিয়ার ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটি এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে। এদিকে প্রথম আলোর মাদারীপুরের কালকিনি প্রতিনিধি খায়রুল আলমসহ উপজেলার সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার দাবিতে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কালকিনি প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। আসকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামে আহমদিয়া মুসলিম জামায়াতের নির্মাণাধীন মসজিদ ও সেখানকার একটি বাড়িতে অগ্নিসংযোগের খবর সংগ্রহের সময় রহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় সংগঠনটি উদ্বিগ্ন। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে সচেষ্ট থাকবে বলেও সংগঠনটি আশা প্রকাশ করে।পীরগাছা (রংপুর) প্রতিনিধি জানান, রহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার পীরগাছা উপজেলা প্রেসক্লাবের নেতারা এক বিবৃতিতে নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। বদরগঞ্জ প্রতিনিধি জানান, রহিদুল ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়ে মঙ্গলবার তিনি বাড়িতে চলে গেছেন। গত বুধবার তিনি ওই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসক হাফিজুল ইসলাম বলেন, তাঁর পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে ছয় সপ্তাহ লাগবে। মাদারীপুর প্রতিনিধি জানান, কালকিনি প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী এবং কালকিনি, শিবচর, রাজৈর ও মাদারীপুর প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকেরা অংশ নেন। পরে প্রতিবাদ সমাবেশ হয়। কালকিনি প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন মোঃ জামাল উদ্দিন, খন্দকার মনিরুজ্জামান, আসাদুজ্জামান রিপন, সাইফুল ইসলাম, তপন বসু, ওমর আলী সানি, আঃ গফুর মোল্লা, কবির হোসেন, রতন কুমার দাস প্রমুখ। বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। শনিবার সকালে মাদারীপুরের কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল ও তার সমর্থকদের হামলায় প্রথম আলো’র কালকিনি প্রতিনিধি খায়রুল আলম গুরুতর আহত হন। তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।