চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন সাভারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অরূপ রায় ও মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন। মানিকগঞ্জের বিচারিক হাকিম ফারজানা আহামেদ গতকাল মঙ্গলবার এই জামিন মঞ্জুর করেন। সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান ওরফে দাউদ আলী ওই মামলা করেন।এদিকে জামিন পাওয়ার পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী আবদুল মজিদ ওরফে ফটো আদালত প্রাঙ্গণেই প্রথম আলোর ওই দুই সাংবাদিক ও তাঁদের আইনজীবীদের হুমকি দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ওই মামলার আইনজীবী হিসেবে জামিনের বিরোধিতা করেছিলেন মজিদ। মামলার অন্যতম সাক্ষীও তিনি।মামলায় যা আছে: ছাত্রলীগের সাবেক নেতা সাইদুজ্জামান গত ১৪ জানুয়ারি মানিকগঞ্জের ৪ নম্বর বিচারিক আদালতে অরূপ রায় ও আব্দুল মোমিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, সাটুরিয়ার পৌলসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণকাজ চলাকালে প্রথম আলোর প্রতিবেদক অরূপ রায় ও আব্দুল মোমিন ভবন নির্মাণস্থলে গিয়ে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। গত বছরের ৫ ডিসেম্বর বিকেল চারটার দিকে উপজেলার কাউন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে প্রতিবেদকেরা পুনরায় তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা (প্রতিবেদকেরা) পত্রিকায় সংবাদ প্রকাশসহ মৃত্যুর ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা চাঁদা আদায় করেন।আদালতে যা হলো: সাংবাদিক অরূপ রায় ও আব্দুল মোমিন গতকাল দুপুরে মানিকগঞ্জের বিচারিক হাকিম ফারজানা আহামেদের আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিনের আবেদন করেন। জামিনের বিরোধিতা করে বাদীপক্ষের আইনজীবী মজিদ বলেন, ‘বিবাদীগণ প্রথম আলো থেকে কোনো বেতন পান না। চাঁদাবাজিই তাঁদের আয়ের মূল উৎস।’এর বিরোধিতা করে বিবাদীপক্ষের আইনজীবী নূরতাজ আলম বাহার বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে এই মিথ্যা মামলা করানো হয়েছে। তাঁরা প্রথম আলো থেকে নিয়মিত বেতন নেন। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সত্য নয়।আরেক আইনজীবী মহিউদ্দিন স্বপন শুনানিতে বলেন, পৌলসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণকাজের সঙ্গে মামলার বাদী সাইদুজ্জামানের কোনো সম্পৃক্ততা নেই। শুধু সত্য প্রকাশে বাধা প্রদানের উদ্দেশ্যেই তাঁকে দিয়ে এই মিথ্যা মামলা করা হয়েছে।শুনানি শেষে আদালত অরূপ রায় ও আব্দুল মোমিনের জামিন মঞ্জুর করেন। এরপর এজলাস থেকে বের হয়ে মজিদ আদালত প্রাঙ্গণেই দুই সাংবাদিক ও তাঁদের আইনজীবীদের হুমকি দেন বলে উপস্থিত আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় সাংবাদিক ও আইনজীবীরা অরূপ রায় ও মোমিনকে নিরাপত্তা দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে যান।হুমকির নিন্দা: আদালত প্রাঙ্গণে একজন আইনজীবী ও জনপ্রতিনিধির এ ধরনের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী দীপক ঘোষ বলেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কেউ কোনো সুযোগ পেলে তাঁর বিরোধিতা বা তাঁকে হুমকি-ধমকি দেওয়া নিন্দনীয়। হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার।জীবনের নিরাপত্তা চেয়ে জিডি: হুমকির ঘটনার পর প্রথম আলোর পক্ষ থেকে মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে বিষয়টি জানানো হলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে গতকাল রাতে সাংবাদিক আব্দুল মোমিন তাঁর ও অরূপ রায়ের জীবনের নিরাপত্তা চেয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।