প্রথম আলোর ধরমপাশা প্রতিনিধিকে মারধরের চেষ্টা
পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের স্বঘোষিত আহ্বায়ক আবদুল আউয়ালের লোকজন গত বৃহস্পতিবার প্রথম আলোর উপজেলা প্রতিনিধিকে মারধরের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, ১১ আগস্ট আবদুল আউয়াল তাঁর কথামতো বিলে স্বাক্ষর না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাঁর কক্ষে ঢুকে হাত-পা কেটে ফেলার হুমকি দেন। পরদিন প্রথম আলোয় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে প্রথম আলোর প্রতিনিধি সালেহ আহমদের ওপর উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়াল খেপে আছেন । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সংবাদ সংগ্রহের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান সাংবাদিক সালেহ আহমদ। এ সময় চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দৌলতপুর গ্রামের আলী হোসেনের ছেলে মান্না নামের একজন যুবক এসে সালেহ আহমদকে জানান, চেয়ারম্যান তাঁকে তাঁর কক্ষে যেতে বলেছেন। তিনি মান্নাকে একটু পরে আসছেন জানালে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং তাঁর হাত ধরে টেনে চেয়ারম্যানের কক্ষে নিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে ধাক্কাধাক্কি শুরু করেন মান্না। পরে অন্য লোকজন এসে সালেহ আহমদকে নিরাপদে সরিয়ে দেন।এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সালেহ আহমদকে ডেকে পাঠানোর কথা অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে সংবাদ লেখায় আমি তাঁর (সালেহ আহমদ) ওপর অসন্তুষ্ট। কিন্তু তাঁকে দেখে নেব এমন কথা কাউকে বলিনি। ’