প্রথম আলোর নান্দাইল প্রতিনিধিকে আ.লীগ নেতার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর নান্দাইল প্রতিনিধি রমেশ কুমারকে হুমকি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভুঁইয়া। গতকাল শুক্রবার বেলা ১১টা ১৮ মিনিটে রমেশ কুমারের মুঠোফোনে এই হুমকি দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে রমেশ কুমারের সঙ্গে তাঁর তর্ক হয়েছে বলে দাবি করেন মো. সিরাজুল ইসলাম ভুঁইয়া। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় নান্দাইল থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছিলেন রমেশ কুমার।
রমেশ কুমারের অভিযোগ, গতকাল প্রথম আলোয় ‘নান্দাইলে আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক সমাবেশ’ শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে সিরাজুল ইসলাম মুঠোফোনে তাঁকে হুমকি দিয়ে বলেন ‘তোকে পিটিয়ে লম্বা করা হবে। তুই অনেক বাইড়া গেছস। তোকে খারাপ পরিণতি বরণ করতে হবে।’
গতকাল বিকেলে সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, রমেশ কুমার বারবার ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে প্রতিবেদন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। উপজেলায় আওয়ামী লীগের একটি পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অনুষ্ঠান আয়োজনের জন্য যে চিঠি সারা দেশে দেওয়া হয়েছে, সেই চিঠি পেয়ে তাঁরা অনুষ্ঠান করেছেন। কিন্তু রমেশ কুমার সেই সংবাদের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি রয়েছে বলে তথ্য দিয়ে আরও একটি কর্মসূচির সংবাদ করেছেন। বাস্তবে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির বাইরে আর কোনো আহ্বায়ক কমিটি নেই। বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশের জন্য রমেশ কুমারের সঙ্গে তাঁর তর্ক হয়েছে। তাঁকে কোনো হুমকি দেওয়া হয়নি।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের এক পক্ষ নান্দাইলের সাংসদ আনোয়ারুল আবেদিন খানকে আহ্বায়ক করে একটি কমিটি করে দেয় কয়েক বছর আগে। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগ এখনো আগের কমিটিকে বাতিল করেনি। ওই কমিটিকে এখনো বৈধ মনে করা হয়। এ নিয়ে দলের মধ্যে বিভ্রান্তি রয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘হুমকি দেওয়ার বিষয়টি সত্যি হলে এটা নিন্দনীয়। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে বিভ্রান্তির বিষয়টি আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।’