প্রথম আলো পত্রিকার সব কপি কেনালেন তাঁরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথম আলো পত্রিকার সব কপি কিছু লোক কিনে নিয়েছে। এতে আজ বুধবার ওই উপজেলার পাঠকেরা পত্রিকাটি পড়া থেকে বঞ্চিত হন।
ঠাকুরগাঁও-২ আসনের সরকারদলীয় সাংসদ দবিরুল ইসলাম ও তাঁর ছেলে মাজহারুল ইসলাম ওরফে সুজনের বিরুদ্ধে স্থানীয় সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের জমি দখল, তাদের ওপর হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ নিয়ে আজকের প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার কয়েকজন এজেন্ট, হকার ও স্থানীয় লোকজনের অভিযোগ, ওই সাংসদ ও তাঁর ছেলের লোকজনের ঘটনাটি যাতে এলাকায় কেউ জানতে না পারে, এ জন্য তাঁরা প্রথম আলোর সব কপি কিনে নিয়েছেন।
পত্রিকার পরিবেশক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে কিছু লোক জেলা শহর থেকে বহন করা প্রথম আলোর থ্রি-হুইলার আটকে সব কপি কিনে নেন। এ ছাড়া শহরে এক এজেন্টের কাছ থেকেও পত্রিকার সব কপি জোর করে কিনে নেন কয়েক যুবক। তবে কে বা কারা পত্রিকাগুলো এভাবে কিনে নিয়েছেন তা জানা যায়নি।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ দবিরুল ইসলাম এবং তাঁর ছেলে মাজহারুল ইসলামের লোকজনই পত্রিকাগুলো কিনে নিয়েছেন। এ কারণে বালিয়াডাঙ্গীসহ জেলা শহরের অনেক গ্রাহকই প্রথম আলো পাননি বলে অভিযোগ করেছেন।
এ উপজেলার ব্যবসায়ী রহমত আলী বলেন, ‘প্রতিদিন প্রথম আলো পড়ি। কিন্তু আজ পত্রিকাটি পাইনি। যার কারণে আর কোনো পত্রিকা নিইনি।’ হলপাড়া এলাকার বাসিন্দা দুলাল মিয়া বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে পত্রিকা কেনার জন্য ছেলেকে পাঠালে সে খালি হাতে ফেরে।’

প্রথম আলোর পরিবেশক মো. মনসুর আলম জানান, সকালে বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৮০ কপি প্রথম আলো পাঠানো হয়। পত্রিকা পরিবহনের থ্রি-হুইলারটি আটকে কয়েকজন তা কিনে নেন। এভাবে কেন কিনে নিচ্ছেন, জানতে চাইলে তাঁরা ধমক দিয়ে বলেন, ‘পত্রিকা বিক্রির দরকার, টাকা নিবি, বিক্রি করবি। এত কথা জানার দরকার কি? ’
বালিয়াডাঙ্গী এলাকার পত্রিকা বিতরণকারী মো. ইউনুস জানান, তিনি ২০ কপি প্রথম আলো পত্রিকা এনেছিলেন। একজন এসে সব নিয়ে গেছেন। তিনি আরও পত্রিকা আনার জন্য এজেন্টের সঙ্গে যোগাযোগ করলে নাই বলে জানানো হয়।
শহরে প্রথম আলোর এজেন্ট মো. আলম জানান, সকালে একটি মোটরসাইকেলে কয়েক যুবক এসে জানতে চান, প্রথম আলোর কত কপি আছে। সে সময় তাঁরা প্রায় জোর করেই ৬০ কপি প্রথম আলো কিনে নেন। কিছুক্ষণ পর আবার কয়েক যুবক এসে প্রথম আলো আছে কি না জানতে চান। সব বিক্রি হয়ে গেছে বলার পর তাঁরা চলে যান। পরে ঘুরে এসে তাদের কেউ কেউ পত্রিকার বান্ডিল চেক করে প্রথম আলো আছে কি না, নিশ্চিত হতে চান। এই পরিবেশক বলেন, ‘এ ধরনের ঘটনা আগে কখনো দেখিনি।’
এ সব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাংসদ দবিরুল ইসলাম লোক দিয়ে প্রথম আলোর পত্রিকার কপি কিনে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
এদিকে মহিলা পরিষদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি দখলের উদ্দেশ্য স্থানীয় সাংসদের নির্দেশে সন্ত্রাসীদের দিয়ে হিন্দু পরিবারের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছেন।
আজ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো এক বিবৃতিতে পরিষদের সভাপতি আয়শা খানম এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এ ছাড়া এলাকার সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
আরও পড়ুন...
সংখ্যালঘুদের জমি দখলে নেমেছেন সাংসদ