প্রথম আলোর পাবনা অফিসের কাগজপত্র তছনছ
প্রথম আলোর পাবনা আঞ্চলিক কার্যালয়ের তালা ভেঙে গত বুধবার রাতে দুর্বৃত্তরা কাগজপত্র তছনছ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে কার্যালয় খোলার পর ভেতরের স্টিলের কেবিনেট ও সাইড ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অফিস সহকারী রাকিবুল ইসলাম জানান, কাজ শেষে বুধবার রাত ১০টার দিকে অফিস তালাবদ্ধ করা হয়। পরদিন সকালে অফিস খুলতে গিয়ে কক্ষের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা অফিস ভবনের ছাদের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে স্টিলের কেবিনেট ও সাইড ড্রয়ার ভেঙে কাগজপত্র তছনছ করে। তবে দুর্বৃত্তরা অফিসের মূল্যবান কোনো জিনিসপত্র না নিলেও সাইড ড্রয়ারে থাকা এক হাজার ৬০০ টাকা নিয়ে যায়।
খবর পেয়ে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মুনিরুজ্জাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রথম আলোর পাবনা জেলা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ সদর থানায় জিডি করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।