প্রথম আলোর প্রচারসংখ্যা সবার শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর প্রচারসংখ্যা বর্তমানে সবার শীর্ষে। গতকাল বুধবার জাতীয় সংসদে পিরোজপুরের সাংসদ আনোয়ার হোসেনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ তথ্য জানান। বাজেট পাস হওয়ার সুবিধার্থে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। তথ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে প্রথম আলোর বর্তমান প্রচারসংখ্যা তিন লাখ ৯৫ হাজার ৭১০। দ্বিতীয় অবস্থানে থাকা দৈনিক যুগান্তর-এর প্রচারসংখ্যা দুই লাখ ৫০। তৃতীয় অবস্থানে কালের কণ্ঠ (এক লাখ ৯৫ হাজার ১৫০)। প্রচারসংখ্যার দিক দিয়ে এর পর রয়েছে আমাদের সময় এক লাখ ৬৫ হাজার ২০০, সমকাল এক লাখ ৩০ হাজার ৬০০, ইত্তেফাক এক লাখ ২৫ হাজার ২৫০, ইনকিলাব এক লাখ ২৫ হাজার ১০, নয়া দিগন্ত এক লাখ ১৫ হাজার ৩০০, জনকণ্ঠ এক লাখ ১০ হাজার ৫০ কপি।মন্ত্রী জানান, দেশে মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা ৪৫৫টি। এর মধ্যে ঢাকায় ২৪টি ও মফস্বল জেলাগুলোর ১৭টিসহ মোট ৪১টি পত্রিকায় সপ্তম ওয়েজবোর্ড সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে। বাকিগুলোতে এখনো বাস্তবায়িত হয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অষ্টম ওয়েজবোর্ড ঘোষণার জন্য সংবাদপত্রের সাংবাদিক, শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে দাবি উত্থাপন করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।মোশতাক আহমেদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। মন্ত্রী, সাংসদ তথা জনগণ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে যেসব পত্রিকা ও টেলিভিশন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা মূলত হলুদ সাংবাদিকতা করে থাকে। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করছে। তবে এ ধরনের অপসাংবাদিকতা রোধে সরকার যুগোপযোগী আইন প্রণয়নের চিন্তা করছে।মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৪টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার চলছে। আরও নতুন ১০টি টিভি চ্যানেল এখনো তাদের সম্প্রচার শুরু করতে পারেনি।