প্রথম আলোর প্রতি আস্থা বেশি, প্রত্যাশাও বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর জেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার প্রথম আলো আয়োজিত মতবিনিময় সভায় পাঠক ও শুভানুধ্যায়ীরা বলেছেন, ‘প্রথম আলোর প্রতি আমাদের আস্থা যেমন বেশি, প্রত্যাশাও তেমনি বেশি।’ তাঁরা প্রথম আলোকে আরও ভালো করার দাবি জানিয়েছেন।মতবিনিময় সভায় উপস্থিত হয়ে নাটোরের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, এখন কেউ নিজের খারাপ দিক নিয়ে কথা শুনতে চায় না। অথচ সমালোচনা শোনার জন্য প্রথম আলো কর্তৃপক্ষ মাঠপর্যায়ে এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করে সাহসের পরিচয় দিয়েছে। তিনি প্রথম আলোতে আরও বেশি করে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মুক্তিযুদ্ধ ও মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন বলেন, শান্তি ও নিরাপত্তার জন্য পুলিশ এসিড, মাদক ও সন্ত্রাস নির্মূলের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকে। প্রথম আলো এসব ব্যাপারে সামাজিক বিপ্লব সৃষ্টিতে ভূমিকা রাখছে। তিনি পুলিশ আইনের ত্রুটি-বিচ্যুতি ও ঘাটতিগুলো তুলে ধরার জন্য প্রথম আলোকে অনুরোধ করেন।মতবিনিময় সভায় প্রবীণ আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান বলেন, প্রথম আলো বরাবরই সত্যটাকে তুলে ধরে। তবে অনেক সত্য প্রকাশিত হয় না। তিনি প্রথম আলোকে সব সত্য তুলে ধরার আহ্বান জানান। রানী ভবানি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম নজরুল ইসলাম, দিঘাপতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক ও মনীষা ভবনের অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, প্রথম আলোর পড়াশোনা পাতা শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। তবে ১০ টাকা দিয়ে অনেকের পক্ষে প্রতিদিন পত্রিকা কেনা সম্ভব হয় না। বক্তারা তাঁদের জন্য স্বল্পমূল্যের সাপ্তাহিক শিক্ষা সাময়িকী প্রকাশ করার দাবি জানান। গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহম্মদ আলী বলেন, ‘প্রথম আলো সারা দেশের মানুষকে নিজের খারাপ দিকগুলো বদলানোর ব্যাপারে সচেতন করেছে। এখন আমরা নিজেরা বদলালেই দেশটা বদলে যাবে।’ লাঠি-বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সালাম বলেন, যাঁরা দেশ পরিচালনা করেন তাঁদের বদলানো বেশি জরুরি। তিনি দাবি করেন, প্রথম আলো তাঁদের বদলানোর জন্য বেশি কাজ করবে।নাটোর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক অলোক মৈত্র বলেন, ‘দেশের প্রতি মানুষের ভালোবাসা বাড়ে এমন লেখা প্রথম আলোতে বেশি বেশি দেখতে চাই।’ মহিলা পরিষদের নাটোর শাখার সভানেত্রী দিলয়ারা বেগম পারুল বলেন, ‘প্রথম আলোতে যৌতুকের বিরুদ্ধে আরও লেখা চাই।’ প্রকৌশলী সেলিম রেজা বলেন, ‘প্রথম আলো আমাকে ধূমপান মুক্ত করেছে। দুর্নীতিমুক্ত থাকতে সচেষ্ট করেছে।’পাঠক ও শুভানুধ্যায়ীদের এসব বক্তব্যের জবাব দেন প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, ‘পাঠকদের অকৃত্রিম সমর্থন নিয়ে প্রথম আলো এগিয়ে যাচ্ছে। পাঠকের ভালো লাগা না-লাগার প্রতি আমাদের সব সময় দৃষ্টি রয়েছে। আমরা পাঠকদের মতামতকে গুরুত্ব দিই বলেই মাঠপর্যায়ের পাঠকদের কথা শোনার জন্য ছুটে এসেছি।’ মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন। সার্বিক সহযোগিতা করে প্রথম আলো নাটোর বন্ধুসভা।