প্রথম আলো ভবিষ্যতেও ভালো কাজের সঙ্গে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন সম্পাদক মতিউর রহমান। ছবি: প্রথম আলো
প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন সম্পাদক মতিউর রহমান। ছবি: প্রথম আলো

প্রথম আলোর ২০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রথম আলো নানাভাবে চাপে থেকেছে। নানা ভয়ভীতির মধ্যেও প্রথম আলো নিজের কাজ অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও ভালো কাজের সঙ্গে থাকতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে এই প্রতিনিধি সম্মেলন শুরু হয়। প্রতিনিধি সম্মেলনে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তাঁর বক্তব্যে প্রতিনিধিদের সংবাদের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান।

লাজ্জাত এনাব মহছি বলেন, প্রথম আলোর সংস্করণ বেড়েছে। পাতা বেড়েছে। এক বছর আগের প্রতিনিধি সম্মেলনে যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, তার বেশ কিছুই বাস্তবায়িত হয়েছে। আর যে ঘাটতিগুলো রয়েছে, সেগুলো আলোচনা করে আরও উন্নতি করতে হবে।

সম্মেলনে প্রথম আলোর প্রতিনিধিদের সারা বছরের কাজের একটি মূল্যায়ন তুলে ধরেন বিশাল বাংলার বিভাগীয় প্রধান তুহিন সাইফুল্লাহ।

প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে সারা দেশের প্রথম আলোর ১৫২ জন প্রতিনিধি ও ১৪ জন আলোকচিত্রী অংশ নিয়েছেন।

প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে ১৫২ জন প্রতিনিধি ও ১৪ জন আলোকচিত্রী অংশ নিয়েছেন। ছবি: প্রথম আলো
প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে ১৫২ জন প্রতিনিধি ও ১৪ জন আলোকচিত্রী অংশ নিয়েছেন। ছবি: প্রথম আলো

৪ নভেম্বর প্রকাশনার ২০ বছর পূর্তি করতে যাচ্ছে দেশের সর্বাধিক পঠিত দৈনিক প্রথম আলো।

এখন বাংলাদেশের সব দৈনিকের মধ্যে প্রথম আলোর পাঠকসংখ্যা সবচেয়ে বেশি। প্রতিদিন প্রথম আলো ছাপা পত্রিকা পাঠ করেন প্রায় ৬৬ লাখ পাঠক। বহুজাতিক গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান কান্তার এমআরবি পরিচালিত ন্যাশনাল মিডিয়া সার্ভে (এনএমএস বা জাতীয় প্রচারমাধ্যম জরিপ) ২০১৮-তে এই তথ্য উঠে এসেছে।

গুগল অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রথম আলোর অনলাইন সংস্করণ পড়েন আরও প্রায় ১০ লাখ পাঠক। প্রথম আলো অনলাইন (www.prothomalo.com) সব বাংলাদেশি ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। অ্যালেক্সার তথ্য অনুযায়ী, বাংলা ভাষায় পৃথিবীর এক নম্বর ওয়েবসাইট প্রথম আলো। বিশ্বের ২০০টির বেশি দেশ ও অঞ্চল থেকে পাঠকেরা অনলাইনে প্রথম আলো পড়েন। এ ছাড়া ফেসবুকে প্রথম আলোর পেজে (www.facebook.com/DailyProthomAlo) ১ কোটি ৩৯ লাখের বেশি অনুসারী রয়েছে। অনুসারীর সংখ্যার বিচারে প্রথম আলো বিশ্বের সব গণমাধ্যমের মধ্যে ৭৩তম অবস্থানে রয়েছে।

ছাপা পত্রিকায় ৬৬ লাখ ও অনলাইনে ১০ লাখ মিলিয়ে প্রতিদিন প্রথম আলো পড়ছেন মোট ৭৬ লাখ পাঠক। দুই মাধ্যমে মোট ও আলাদাভাবে প্রথম আলোর পাঠকসংখ্যা বাংলাদেশের সব পত্রিকা ও ওয়েবসাইটের মধ্যে শীর্ষে।