প্রথম আলোর প্রতিনিধিকে ছাত্রলীগ কর্মীদের মারধর
প্রথম আলোর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সাইয়েদুল মুরসালিনকে গতকাল বুধবার রাতে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মুরসালিন বিশ্ববিদ্যালয়ের বাসে করে নগরের উদ্দেশে রওনা হন। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় পৌঁছলে ছাত্রলীগের কর্মী তাসনিম ও জীবন বাস থামানোর সংকেত দেন। এ সময় তাঁরা বাস থেকে মুরসালিনকে বের করে আনেন। একপর্যায়ে দুজনে তাঁকে মারধর করেন।সাইয়েদুল মুরসালিন জানান, ছাত্রলীগের বিশৃঙ্খল কর্মকাণ্ড ও অনিয়মের বিষয়ে প্রতিবেদন করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে তাঁকে মারধর করা হতে পারে। তিনি আরও জানান, তাঁকে মারধর করা ছাত্রলীগের কর্মীরা হলেন: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তাসনিম এবং যন্ত্র কৌশল বিভাগের ছাত্র জীবন।