প্রথম আলোর প্রতিনিধিকে হুমকি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রথম আলোর প্রতিনিধিকে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি মো. শফিকুল ইসলামের মুঠোফোনে গতকাল সকালে কল করেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। তিনি শফিকুলকে বলেন, ‘প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশ করে যা করার করিও। তোমাকে দেখে নেব।’ এ ব্যাপারে শফিকুল গতকাল বিকেলে সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যক্ষ মোশারফ হোসেন হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাকে জড়িয়ে খবর প্রকাশের বিষয়টি আমি জানতে চেয়েছিলাম।’ গতকাল প্রথম আলো পত্রিকার ৪ নম্বর পৃষ্ঠায় ‘মাদ্রাসায় বঙ্গবন্ধু কলেজের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।